উর্মি হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
রাজশাহী নগরের ‘ইউএস কেমিক্যাল’-এর স্বত্বাধিকারী উর্মি আক্তার হত্যা মামলায় তাঁর স্বামী দেলোয়ার হোসেন ওরফে মিলনের (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়।গতকাল বুধবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩০ জুলাই নগরের বসুয়া এলাকায় নিজ বাড়িতে দুই সন্তানের জননী উর্মিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় উর্মির বোন আয়শা আক্তার নগরের রাজপাড়া থানায় একটি মামলা করেন। মামলায় উর্মির স্বামী-শাশুড়িসহ মোট ১০ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০১০ সালের ১২ জানুয়ারি পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন: উর্মির শাশুড়ি দিলারা আক্তার, মামাশ্বশুর আজিজুল হক, বাড়ির দারোয়ান তসলিম এবং উর্মির স্বামীর বন্ধু টুনু ও অলিক।