অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কারাগারে বন্দী উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ বুধবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘তাঁর (অনুপ চেটিয়া) সাজা ভোগ আগেই শেষ হয়ে গেছে। তাঁর যাওয়ার বিষয়টির সঙ্গে নিরাপত্তার প্রশ্ন জড়িত ছিল। তাই তাঁকে নিরাপদে ভারতে ফেরত পাঠানো হয়েছে।’ তাঁকে ফেরত পাঠানোর সঙ্গে নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনার কোনো সম্পর্ক আছে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নূর হোসেনকে ফিরিয়ে আনার সঙ্গে অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার কোনো সম্পর্ক নেই। মামলা শেষে ভারত যখন নূর হোসেনকে ফেরত দেবে, তখন তাঁকে আনা হবে।’
অনুপ চেটিয়ার সঙ্গে বাংলাদেশে বন্দী থাকা বাবুল শর্মা ও শক্তি প্রাসাদকেও (প্রকৃতপক্ষে লক্ষ্মীপ্রসাদ গোস্বামী ও বাবুল শর্মা) পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০১৫-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অবশ্য এর আগে সকালে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বলেছিলেন, ‘এ রকম কোনো খবর নেই।’ তবে খবরের সত্যতা আছে এমন একটি ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাঁর কাছে যখন জানতে চাওয়া হয়, ভারতীয় সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে; তখন তিনি বলেন, ‘হতে পারে।’

এর আগে অনুপ চেটিয়াকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের খবরটি আজ বুধবারই ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, অনুপ চেটিয়াকে আজ সকালে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। এ ছাড়া ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরেও একই কথা জানানো হয়।

প্রায় ১৫ বছর ধরে বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) এই শীর্ষ নেতা। ২০১৩ সালের দিকে তিনি নিজ দেশে ফিরে যাওয়ার আগ্রহ পোষণ করেন। এ আগ্রহের কথা জানিয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তিনি বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়ে আবেদনও করেন। এতে তিনি ইতিপূর্বে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে করা আবেদন প্রত্যাহারের কথাও বলেছেন বলে কারাগারসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছিল।

অনুপ চেটিয়া যখন এ আবেদন করেন, তখন তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা হেফাজতে ছিলেন। রাজশাহীর কারাগারের কারাধ্যক্ষ ইসমাইল হোসেন তখন প্রথম আলোর কাছে অনুপ চেটিয়ার এই চিঠির কথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, অনুপ চেটিয়ার আবেদন ওই বছরের ১৩ মে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

উলফা নেতা অনুপ চেটিয়া চিঠিতে লিখেছেন, বাংলাদেশের কারাগারে থাকা তাঁর দুই সহচর লক্ষ্মীপ্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকে নিয়ে তিনি নিজ দেশে ফিরতে চান।

১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাঁকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। ২০০৪ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়।

অতীতে বিভিন্ন সময়ে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করার জন্য ওই দেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের ওপর চাপ ছিল। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ২০০৩ সালের ২৩ আগস্ট হাইকোর্টে আবেদন করেন এই উলফা নেতা। এ কারণে তাঁকে হস্তান্তরে আইনি জটিলতা ও দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকার কথাও বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। পরে ২০১৩ সালের ২৯ জানুয়ারি ভারত-বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর হয়।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় উলফা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০০৯ সালের শেষ দিকে উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকে বাংলাদেশ থেকে ধরে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১০ সাল থেকে দিল্লিতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে উলফার শান্তি আলোচনা চলছে।