উলফা নেতা রঞ্জন ও তাঁর সহযোগী তিন দিনের রিমান্ডে
ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে গতকাল রোববার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে রঞ্জনের বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় চারটি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় প্রদীপকেও আসামি করা হয়েছে। ভৈরব থানার পুলিশের সূত্র জানায়, গত শনিবার ভোরে ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় আবেদীন জেনারেল হাসপাতালের কাছে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে উলফা নেতা রঞ্জন চৌধুরী ও প্রদীপকে গ্রেপ্তারের পর ঢাকায় র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। শনিবার মধ্যরাতে তাঁদের ভৈরব থানায় সোপর্দ করা হয়। এর পর র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের উপসহকারী পরিচালক করিম উল্লাহ বাদী হয়ে থানায় চারটি মামলা করেন। অস্ত্র, বিস্ফোরকদ্রব্য আইন, বাংলাদেশে অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের অভিযোগে এসব মামলা করা হয়। রঞ্জনকে চারটি মামলাতেই আসামি করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে করা মামলা ছাড়া বাকি তিনটি মামলায় প্রদীপকেও আসামি করা হয়।এজাহারে বলা হয়, আটকের সময় উলফা নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জনের প্যান্টের গোপন পকেট থেকে চারটি গুলিভর্তি একটি রিভলবার ও তাঁর সহযোগী প্রদীপ মারাকের কোমরে গোঁজা অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া রঞ্জনের ব্যাগ থেকে চারটি হাতবোমা, ২২টি কালার কানেকশন বাজি, পাঁচটি ড্রাইসেল ব্যাটারি ও ১৩ গজ বৈদ্যুতিক তার পাওয়া গেছে। রঞ্জন ভারতীয় নাগরিক। তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীর মণিন্দ্র হাগিদরের মেয়ে সাবেত্রীকে বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন।মামলায় বলা হয়, রঞ্জন চৌধুরী সন্ত্রাস সংঘটনের জন্য আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও সরঞ্জাম নিজের দখলে রেখে উলফাকে সমর্থন দিয়ে সন্ত্রাস পরিচালনা করছেন।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা উলফা নেতা রঞ্জন ও তাঁর সহযোগীর উপস্থিতিতে শনিবার মধ্যরাতে র্যাব কর্মকর্তা মামলাগুলো করেন।