উলফা নেতা রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে চার মামলার শুনানি শুরু
ভারতের নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ও তাঁর বাংলাদেশি সহযোগী প্রদীপ মারাকের বিরুদ্ধে ভৈরব থানায় দায়ের করা চারটি মামলার শুনানি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদের আদালতে তিনটি মামলার শুনানি ও বাদী র্যাব-৯ ভৈরব ক্যাম্পের তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) মো. করিমউল্লাহর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। ২ নম্বর আমল গ্রহণকারী আদালতের বিচারক অনুপস্থিত থাকায় অপর অনুপ্রবেশ মামলার অভিযোগ গঠনের পরবর্তী তারিখ আগামী ১৯ সেপ্টেম্বর ধার্য করা হয়। একই সময় বিবাদী পক্ষের আইনজীবীরা তাঁদের জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মো. মিজানুর রহমান ও মো. সাইদুর রহমান।সরকারি কৌঁসুলি (পিপি) বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর অনুপ্রবেশ মামলার বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও অপর তিনটি মামলার অভিযোগ গঠন করাসহ মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।র্যাব-৯ ভৈরব ক্যাম্প, র্যাবের গোয়েন্দা শাখা, পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মেজর রঞ্জন ১৯৯০ সাল থেকে উলফার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হন এবং উলফার বিভিন্ন সামরিক কর্মকাণ্ড পরিচালনা করেন। তাঁর বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরীর গৌরীপুরের মধু শৌলমারি এলাকায়। ১৯৯৭ সাল থেকে তিনি বাংলাদেশের শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনিতে অবস্থান করে উলফার সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। তাঁর প্রকৃত নাম রঞ্জন চৌধুরী। সংগঠনের লোকজনের কাছে রঞ্জন সিসিম রঞ্জু বাড়ৈ, প্রদীপ রায়, দীপ জ্যোতি, মাসুদ চৌধুরী ইত্যাদি নামেও সমধিক পরিচিত। সূত্র মতে, ২০১০ সালের ১৭ জুলাই ভোররাতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, চারটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ রঞ্জন চৌধুরী এবং তাঁর এ-দেশীয় সহযোগী প্রদীপ মারাককে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর র্যাব-৯ ভৈরব ক্যাম্পের তৎকালীন ডিএডি মো. করিমউল্লাহ বাদী হয়ে এ ব্যাপারে ভৈরব থানায় তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশ, অস্ত্র আইন, বিস্ফোরক আইন ও সন্ত্রাস দমন আইনে পৃথক চারটি মামলা করেন।