উলফার হুমকিতে বিবিয়ানায় নিরাপত্তা জোরদার
ভারতের জঙ্গি সংগঠন উলফা বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র বিবিয়ানায় হামলার হুমকি দেওয়ার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সোমবার নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই গ্যাসক্ষেত্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে শেভরন।
বাংলাদেশেও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার অনেক সদস্য রয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, ভারত তাদের সতর্ক করে দিয়েছে যে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের পাইপলাইনে হামলার পরিকল্পনা করছে উলফা।
বাংলাদেশের মোট উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের ৪৫ শতাংশ আসে সিলেটে অবস্থিত এই গ্যাসক্ষেত্র থেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘গ্যাসক্ষেত্র বা সাপ্লাই সিস্টেমে ধ্বংসাত্মক কার্যক্রম ঠেকাতে আমরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।’
২০১৪ সালে অস্ত্র পাচার মামলায় বাংলাদেশের আদালতে উলফা নেতা পরেশ বড়ুয়ার সাজা হয়েছিল। সম্প্রতি তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেভরন কর্তৃপক্ষ বলছে, বিবিয়ানায় হামলার ঝুঁকির বিষয়ে তারা অবগত।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে মিলে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখছি। এ ছাড়া আমাদের কর্মী ও পরিচালনাধীন স্থাপনার নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নিচ্ছি।’