পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরের ব্যবসায়ী মো. ওবায়দুল হকের বিরুদ্ধে র্যাবের মামলা প্রত্যাহার এবং তাঁর মুক্তির দাবিতে উলানিয়ায় গতকাল বৃহস্পতিবার আধা বেলা হরতাল পালিত হয়েছে। একই সঙ্গে উলানিয়া বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উলানিয়া বন্দরের ব্যবসায়ীদের উদ্যোগে হরতাল পালন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা উলানিয়া বন্দরের সদর রোডে এক ঘণ্টা মানববন্ধন করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উলানিয়া বাজারের চৌরাস্তায় গিয়ে সমাবেশ করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল সোমবার রাতে উলানিয়া বন্দরের ব্যবসায়ী মো. ওবায়দুল হকের ব্যবসাপ্রতিষ্ঠান হক ফার্মেসি থেকে ওবায়দুলকে আটক করে র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে ৯৮টি ইয়াবাসহ তাঁকে গলাচিপা থানায় সোপর্দ করে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
ওবায়দুলের পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সোমবার সন্ধ্যার দিকে র্যাব সদস্যরা একটি প্যাকেটে করে কিছু ইয়াবা বড়ি ওবায়দুলের ফার্মেসিতে ছুড়ে ফেলেন। এ সময় ওবায়দুল প্যাকেটটি ধরে রাস্তায় ফেলে দেন এবং চেঁচামেচি শুরু করেন। তাঁর চেঁচামেচি শুনে অন্য ব্যবসায়ীরা সেখানে ছুটে গেলে র্যাব সদস্যরা তাঁদের লাঠিপেটা করেন। এ ঘটনার কিছুক্ষণ পর র্যাব সদস্যরা স্থানীয় লোকজনকে ডেকে বলেন, ওবায়দুলের কাছে ইয়াবা পাওয়া গেছে।