উলিপুর আ.লীগের প্রতিবাদ ও প্রতিনিধির বক্তব্য
১৬ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘উলিপুরে শোক র্যালিতে হামলা, আহত ১০’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন (মন্টু)।
প্রতিবাদপত্রে উলিপুর বঙ্গবন্ধু পরিষদ ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদ্গার করে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলার নাম ব্যবহার করে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অপ্রীতিকর কোনো ঘটনাই ঘটেনি। যে ১০ জন ব্যক্তির আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রতিবেদনে ওই সংবাদদাতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মনগড়া সাক্ষাৎকারে নিন্দার কথা উল্লেখ করেছেন, যা সম্পূর্ণ অবাস্তব।
প্রতিনিধির বক্তব্য: ঘটনাস্থলে উপস্থিত থেকে মিছিলে হামলার ছবি উত্তোলন, উলিপুর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উলিপুর থানার ওসি ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে সংবাদটি লেখা হয়। সবার বক্তব্যের রেকর্ড প্রথম আলোর কাছে আছে। হামলার ঘটনা নিয়ে প্রথম আলোসহ একাধিক জাতীয় দৈনিকে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়েছে।
উলিপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ করতে উলিপুর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলেননি। প্রতিবাদ করতে হলে তিনি নিজেই তা করতেন।