উলিপুর সরকারি ডিগ্রি কলেজে প্রায় ছাত্র-শিক্ষকশূন্য হয়ে পড়েছে। মূলত কলেজটি বর্তমানে ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণকেন্দ্র এবং এইচএসসি ও স্নাতক পরীক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে। এখানে ক্লাস হয় না বললেই চলে। ১৯৮৭ সালে কলেজটি সরকারি করা হয়। কলেজে ১৩টি বিভাগে শিক্ষকের ২৪টি পদের মধ্যে আছেন আটজন। শরীরচর্চার শিক্ষক ও গ্রন্থাগারিকের পদ শূন্য। বিশেষ করে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ও গণিত বিভাগে কোনো শিক্ষক নেই। অন্যান্য বিভাগে দু-একজন করে শিক্ষক থাকলেও তাঁরা প্রায়ই কলেজে অনুপস্থিত থাকেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ২০টি পদের মধ্যে ১১টিই শূন্য। উচ্চমান সহকারী, হিসাবরক্ষক ও কোষাধ্যক্ষের পদ দীর্ঘদিন থেকে শূন্য থাকায় প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে স্থবিরতা। কলেজ সূত্রে জানা গেছে, স্নাতকে ১৩ জন ও উচ্চমাধ্যমিকে মাত্র ২৩ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে নিয়মিত ক্লাস করেন পাঁচ থেকে সাতজন। এখানে ন্যাশনাল সার্ভিসের আওতায় এক হাজার ৫৫০ জন লোকের প্রশিক্ষণ চলছে। কলেজের বেশির ভাগ কক্ষই তাঁদের দখলে। হাতে গোনা যে কয়েকজন শিক্ষার্থী আছেন, তাঁদের ক্লাস হয় তিনটি কক্ষে। প্রশিক্ষণ কলেজ কর্তৃপক্ষ জানায়, উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি-কার্যক্রম চললেও শিক্ষার্থীদের পছন্দের বিষয় না থাকায় হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এ ছাড়া শিক্ষক-সংকট তো আছেই। অর্থনীতি বিষয় বাধ্যতামূলক হওয়ায় অনেক ছাত্র এখানে ভর্তি হচ্ছেন না বলে অর্থনীতি বিভাগের প্রভাষক এ বি এম জাকির হোসেন সরকার জানান। রাষ্ট্রবিজ্ঞান, যুক্তিবিদ্যা, কৃষি, ইসলামের ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয় না থাকায় শিক্ষার্থী কম ভর্তি হচ্ছে বলে তাঁর ধারণা। কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র রবীন্দ্রনাথ বর্মণ ও মমিনুল ইসলাম বলেন, বছরের প্রায় নয় মাস ক্লাস হয় না, তাই ছাত্ররা আসেন না। যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে অনেকে ন্যাশনাল সার্ভিসে চাকরি নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। দ্বাদশ শ্রেণীর ছাত্র রেজাউল ইসলাম ও মাহমুদুজ্জামান আজাদ বলেন, এখানে শিক্ষক-সংকট থাকায় বছরের দুই-তিন মাস ছাড়া বাকি মাসগুলো কলেজটিতে পরীক্ষাকেন্দ্র ও ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণ চলে। কলেজের অধ্যক্ষ ছাইফুর রহমান বলেন, শিক্ষক-সংকটের কারণে ঠিকমতো ক্লাস করানো সম্ভব হয় না। শিক্ষক-সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দিয়েও কাজ হয়নি। এখানে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও সম্মান কোর্স খোলা হলে কলেজটি প্রাণ ফিরে পাবে।