উলিপুরে আবাদি জমি ও ঘরবাড়ি বিলীন
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে ভাঙন দেখা দিয়েছে। গাবুরজান, কুমারপাড়া ও মাঝিপাড়া এলাকায় নদী ভাঙনে গত এক সপ্তাহে প্রায় ৬০ একর আবাদি জমি এবং শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। কুমারপাড়া গ্রামের ১০০ পরিবারের মধ্যে ৫০ পরিবারের সর্বস্ব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি পরিবারগুলো ভাঙন আতঙ্কে বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। গত সোমবার সরেজমিন গেলে হাতিয়া ইউনিয়নের শিক্ষক আবু সাদেক বলেন, প্রতিবছর ব্রহ্মপুত্র নদের ভাঙনে শত শত ঘরবাড়ি, আবাদি জমি এবং স্থাপনা বিলীন হলেও পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। অনন্তপুর বাজারের পান দোকানি মজিবর রহমান বলেন, ‘২০ বছর ধরি এই বাজারোত ব্যবসা করি বউ-ছাওয়া নিয়া বাছি আছি, বাজার ভাঙ্গি গেইলে হামার শোউগ (সবকিছু) শ্যাষ হয়া যাবে।’হাতিয়া ইউনিয়নের সমাজসেবী স্বপন সরকার বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহম্মদ, সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকা পরিদর্শনে এসে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন বলেন, নদী ভাঙনে প্রতিবছর মূল্যবান সম্পদ ও প্রাণহানির ঘটনা ঘটলেও ভাঙন রোধে সরকারিভাবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের বলেন, ব্রহ্মপুত্র নদের ভাঙন রক্ষায় ৩০০ কোটি টাকা ব্যয়ে চিলমারীর পুটিমারী কাজলডাঙ্গা থেকে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বৈরাগীরহাট পর্যন্ত ডান তীর রক্ষা প্রকল্পের কাজ প্রথম পর্যায়ে তিন কিলোমিটার চিলমারী অংশে শেষ হয়েছে। অর্থ বরাদ্দ না থাকায় দ্বিতীয় পর্যায়ে রানীগঞ্জ ফকিরেরহাট এবং তৃতীয় পর্যায়ে উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি এলাকার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।