উলিপুরে আমনের বীজতলায় পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে বীজতলায় পোকার আক্রমণে আমনের চারা মরে যাচ্ছে। পোকা চারার পাতা খেয়ে ফেলছে। অনেক কৃষক বীজতলায় কীটনাশক ছিটিয়েও ফল না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলা কৃষি বিভাগ বলছে, বীজতলা নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কৃষকেরা সচেতন হলে এবং সামান্য পরিচর্যা করলে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ২৪৩ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। গুনাইগাছ মধ্যপাড়া গ্রামের কৃষক নুর ইসলাম (৫০), আবেদ আলী (৩২) জানান, পোকার আক্রমণে তাঁদের বীজতলা নষ্টের উপক্রম হয়েছে। এখন বীজতলা থেকে চারা তুলে কীভাবে জমিতে রোপণ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। ধামশ্রেণী ইউনিয়নের খুঁজিয়া আমেরতলের কৃষক ছাবেদ আলী (৫৫) জানান, পোকার আক্রমণে প্রথমে চারা লাল হয়ে যায়। এরপর ধীরে ধীরে চারাগুলো পুড়ে যায়। এসব পোকা চারার পাতার রস খেয়ে ফেলে। ফলে চারাগুলো লালচে হয়ে মরে যায়। উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ জানান, এ পোকা দমন করা খুব সহজ। সাধারণ কীটনাশক ছিটিয়ে দিলেও কাজ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে পোকার আক্রমণ বেশি হয়েছে। পোকা দমনে কৃষকদের বীজতলায় কীটনাশক ছিটাতে বলা হয়েছে।