উলিপুরে ইউরিয়ার দাম বাড়ায় বিপাকে কৃষক
কুড়িগ্রামের উলিপুরের বিভিন্ন হাট-বাজারে হঠাৎ করে ইউরিয়া সারের দাম বাড়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন। এক হাজার টাকার প্রতি বস্তা সার এখন এক হাজার ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারেও প্রতি কেজি ইউরিয়া ২২ টাকায় বিক্রি হচ্ছে।গতকাল শনিবার উলিপুর উপজেলার পৌরহাটসহ ঠাকুরবাড়ি বাজার, বামনের হাট ও মিনাবাজারে সার নিতে আসা কৃষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। কৃষি কর্মকর্তা ও সারের ডিলাররা জানান, অনেক ডিলার গুদাম থেকে সার উত্তোলন না করায় এবং হঠাৎ করে চাহিদা বাড়ায় ইউরিয়ার দাম সাময়িকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া কাফকো ও আমদানি করা মোটা দানার ইউরিয়া ব্যবহারে কৃষকদের অনীহার কারণেও সমস্যা দেখা দিচ্ছে। পৌরসভার রামদাস ধনিরাম গ্রামের কৃষক আবু সাঈদ বলেন, ‘আমনের খেতে দেওয়ার জন্য বাজার থেকে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা সার এক হাজার ৬০ টাকায় কিনতে হয়েছে। এমনিতে বোরো আবাদে প্রচুর টাকা খরচ করে ধানের দাম পাইনি, তার ওপর আমন আবাদেও যদি বেশি দামে সার কিনতে হয়, তাহলে কৃষকদের টিকে থাকতে সমস্যা হবে।’ বড়াইবাড়ি গ্রামের কৃষক মোহামঞ্চদ আলী জানান, তিনি ঠাকুরবাড়ি বাজার থেকে প্রতি কেজি ২২ টাকা দরে ১০ কেজি সার কিনেছেন।উপজেলা কৃষি কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ১৩ জন সারের ডিলারকে গত জুলাই মাসে ১৬০ মেট্রিক টন ও আগস্ট মাসে ২৭৫ মেট্রিক টন যমুনা সার বরাদ্ধ দেওয়া হয়। এর মধ্যে জুলাই মাসে দুই-তিনজন ছাড়া বাকিরা সার তুলেছেন। কিন্তু আগস্ট মাসে তিনজন ডিলার যথাক্রমে আবদুল মালেক ২৯ মেট্রিক টন, আবেদ আলী ১২ মেট্রিক টন ও মোত্তালেব সরদার ১২ মেট্রিক টন সার তুলেছেন। বাকিরা এখনো সার তোলেননি। এ কারণে সাময়িকভাবে দাম বেড়েছে। সারের ডিলার আবদুল মালেক জানান, কাফকো ও বাফার গুদামের আমাদানি করা মোটা দানাদার সার কৃষকেরা কিনতে চান না। এগুলো ৯৬০ টাকা দরে বিক্রি হলেও ক্রেতা মিলছে না। পক্ষান্তরে যমুনার চিকন সারের চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকায় বাজারে এর প্রভাব পড়েছে। এ ছাড়া ঈদের সময় পরিবহন-সমস্যার কারণে ডিলাররা সার আনতে না পারায় সংকট সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বৃষ্টি হওয়ার কারণে কৃষকেরা একযোগে জমিতে সার প্রয়োগ করায় চাহিদা বেড়ে গেছে। এ জন্য ইউরিয়ার দাম কিছুটা বেড়েছে। বাজারে সরবরাহ বাড়লে সারের দাম আবার কমে যাবে।