উলিপুরে এক দিনে ৩১১ টন ইউরিয়া বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরিয়া সারের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের সুযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার কিছু ডিলার অধিক মুনাফা লুটে নিতে গত ৩১ মে একদিনেই ৩১১ টন বিক্রি দেখিয়ে গোপনে মজুদ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো ফসলের মৌসুম না থাকলেও একদিনে এই পরিমাণ ইউরিয়া বিক্রির ঘটনায় উপজেলা কৃষি বিভাগ বিস্ময় প্রকাশ করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ মের মধ্য রাত থেকে প্রতিবস্তা ইউরিয়া সারের বিক্রয়মূল্য ৬০০ টাকার স্থলে এক হাজার টাকা নির্ধারণ করে সরকার। এ খবর জানাজানি হওয়ার পর ডিলাররা তাদের আগের মজুদ সার বিক্রি দেখিয়ে অজ্ঞাত স্থানে মজুদ করে। এ ছাড়া মূল্যবৃদ্ধির খবর গ্রামের হাটবাজারে পৌঁছার আগেই খুচরা ব্যবসায়ীদের কাছে থাকা সারের বস্তাগুলো তারা আগের দরে কিনে নেন।উলিপুর উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, মেসার্স রানা ট্রেডার্সে গত ৩১ মে ইউরিয়ার মজুদ ছিল ৭০ টন, ওই দিন বিক্রি করা হয় ৩০ টন। দলদলিয়ার এম এম ট্রেডার্সে ৯৫ টনের মধ্যে বিক্রি করা হয় ৭৫ টন। এভাবে উপজেলায় ওই এক দিনেই বিক্রি দেখানো হয়েছে ৩১১ টন ইউরিয়া।খোঁজ নিয়ে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সার ডিলারদের অনৈতিক আর্থিক সম্পর্কের মাধ্যমে দৈনন্দিন প্রতিবেদনে মজুদ গোপন রেখে বিপুল পরিমাণ ইউরিয়া সার বিক্রি দেখানো হয়। আগের মজুদ প্রতিদেন পর্যালোচনা করলে দেখা যায়, মৌসুম না হওয়ায় ইউরিয়া সারের বিক্রি তেমন একটা ছিল না। এমনকি বোরো মৌসুমের সর্বোচ্চ ব্যবহারের সময় গত ২০ ফেব্রুয়ারি উপজেলায় সার বিক্রি দেখানো হয়েছে ২৩৯ টন। অথচ সরকারের ইউরিয়া সারের মূল্য বৃদ্ধির ঘোষণা দেওয়ার একদিন আগেই হাজার হাজার বস্তা ইউরিয়া সার বিক্রি দেখিয়েছেন ডিলাররা।সার মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার একদিনে অস্বাভাবিক সার বিক্রির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সার ডিলাররা আমাদের যেভাবে তথ্য দেন, আমরা সেভাবেই খামারবাড়িতে পাঠিয়ে থাকি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।