উলিপুরে এক মাসে ৫০টি গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে গরু চুরির হিড়িক পড়েছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি গরু চুরির ঘটনা ঘটেছে। কৃষকেরা চুরি ঠেকাতে গোয়ালঘরে রাত জাগছেন এবং দল বেঁধে পাহারা দিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাসে উলিপুর পৌরসভার নাওডাঙ্গা গ্রামের ভোন্দল চন্দ্রের একটি, জটিয়া শেখের একটি, তরনীকান্তের একটি, গৌতম চন্দ্রের একটি, জয়নাল আবেদিনের একটি, কানু শেখের একটি, কান্তিরামের একটি, পাগারু শেখের একটি, রূপ মিয়ার তিনটি; রামদাসধনিরাম গ্রামের আবদুস সাত্তারের দুটি, গুনাইগাছ ইউনিয়নের আইয়ুব আলীর দুটি, তবকপুর ইউনিয়নের সোলায়মান আলীর দুটিসহ অন্তত ৫০টি গরু উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ চোরেরা চুরি করেছে। নাওডাঙ্গা গ্রামের লক্ষণ চন্দ্র (৩০) ও সন্জয় রায় (২৫) জানান, চুরি ঠেকাতে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। একই গ্রামের জয়নাল আবেদিন জানান, চোরের সঙ্গে সমঝোতা করে তিনি একটি গরু উদ্ধার করেছেন। এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, তিনি এখানে নতুন এসেছেন। গরু চুরির ঘটনা শুনে গ্রামবাসীর সহায়তায় ইতিমধ্যে পৌর এলাকার জোনাইডাঙ্গা গ্রাম থেকে রফিকুল ইসলাম (৩৮) নামের এক গরুচোরকে দুটি গরুসহ আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।