উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা
কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এক মতবিনিময় সভা গতকাল রোববার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিঞা, ভারপ্রাপ্ত জেলা খাদ্যনিয়ন্ত্রক মাহবুব হাবিব হাসান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. খালেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, দলদলিয়া ইউপির চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি, হাতিয়া ইউপির চেয়ারম্যান বি এম আবুল হোসেন, সাংবাদিক তৈয়বুর রহমান প্রমুখ।
পরে জেলা প্রশাসক ব্যক্তিগত উদ্যোগে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার স্বার্থে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান, শ্রেষ্ঠ ডিলার ও শ্রেষ্ঠ ট্যাগ অফিসারকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।