উলিপুরে খুরারোগে ১০টি গরুর মৃত্যু আক্রান্ত শতাধিক
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গত দুই সপ্তাহে খুরারোগে ১০টি গরুর মৃত্যু হয়েছে। এতে শতাধিক গরু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
কৃষক ও কয়েকজন এলাকাবাসী জানান, উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওড়া গ্রামের আজগার আলীর দুটি, আকবর আলীর দুটি, জবিউলের একটি, উপেন চন্দ্র বর্মণের একটি, মনোরঞ্জনের একটি, কাশিয়াগাড়ী গ্রামের আবদুর রহমানের একটি এবং ধরণীবাড়ি ইউপির মাদারটারী গ্রামের বয়তালের একটি ও তেলীপাড়ার আবদুল জলিলের একটি গরু খুরারোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এলাকার আরও শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে।
আকবর ও আজগার আলী জানান, এ রোগে গরুর শরীরে প্রচণ্ড জ্বর, মুখে লালা ঝরা ও মুখে-পায়ে ঘা দেখা দিচ্ছে। এ অবস্থায় খাবার খেতে না পেয়ে গরু দুর্বল হয়ে মারা যাচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে যোগাযোগ করেও তারা এর কোনো প্রতিকার পাচ্ছে না। নিরুপায় হয়ে পল্লিচিকিৎসকের কাছে যেতে হচ্ছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইউনুছ আলী বলেন, এটি একটি ভাইরাসজনিত রোগ। এ রোগ প্রতিরোধে এফএমডি ভ্যাকসিন ব্যবহার করলে গরু মৃত্যুর আশঙ্কা কম থাকে। বর্তমানে প্রাণী সম্পদ কার্যালয়ে এ ভ্যাকসিন মজুত না থাকায় সমস্যা হচ্ছে।