উলিপুরে ঘর, বাঁধ জমি ব্রহ্মপুত্রে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে হাতিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের প্রায় ২০টি ঘর, ১৫০ একর ফসলি জমি ও বাঁধ বিলীন হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে ওই গ্রামের মানুষ তাদের ঘর সরাতে ব্যস্ত হয়ে পড়ে।গত শুক্রবার সরেজমিন গেলে ওই গ্রামের গোলজার হোসেন মাস্টার (৭৫) বলেন, রাত ১২টার পরে নদের পানির স্রোতের শব্দে গ্রামবাসীর ঘুম ভেঙে যায়। স্রোতের তোড়ে ভেসে যায় বাড়িঘর। তিনি জানান, তাঁর বাড়ির দুটি ঘর স্রোতের তোড়ে ভেসে গেছে। বাগুয়া অনন্তপুর বাজার রক্ষা প্রকল্পের আওতায় দেওয়া বাঁধের ৩০০ মিটার নদের গর্ভে বিলীন হয়েছে।গ্রামের নজির হোসেন, মোকছেদ আলী ও গ্রাম পুলিশ আইয়ুব আলী জানান, হঠাৎ ভাঙন শুরু হলে অনেকে রাতভর চেষ্টা করেও বাড়িঘর রক্ষা করা করতে পারেননি। ওই গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য সাহেব আলী বলেন, বৃহস্পতিবার রাতের ভাঙনে গ্রামের ৭০ শতাংশ ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে।হাতিয়া ইউপির চেয়ারম্যান আবুল হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতের ভাঙনে ওই গ্রামের বেশ কিছু ঘরবাড়ি, ১৫০ একর ফসলি জমি ও বাঁধ বিলীন হয়েছে। বিষয়টি ওই রাতেই পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে এক হাজার সিনথেটিক ব্যাগ দিয়েছেন। এসব ব্যাগে বালু ভরে তা ফেলে স্থানীয় লোকজন ভাঙন রোধের চেষ্টা করছে।পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আবু তাহের বলেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে তিন কোটি টাকা চেয়ে পাউবোর ঢাকা কার্যালয়ে প্রকল্প দাখিল করা হয়েছে।