কুড়িগ্রামের উলিপুর উপজেলায় টিসিবির ডিলাররা রমজান মাসের জন্য বরাদ্দ করা ভোজ্যতেল, ডাল, চিনি ও ছোলা উত্তোলন না করায় নিম্ন আয়ের মানুষকে চড়া দামে এসব পণ্য বাজার থেকে কিনতে হচ্ছে। টিসিবির দুজন ডিলারকে অনুরোধ সত্ত্বেও পণ্য না তোলায় তাঁদের জুলাই মাসের বরাদ্দ বাতিল করা হয়েছে।জানা গেছে, বর্তমানে উলিপুর পৌর বাজারে প্রতি কেজি চিনি ৭০ টাকা, ছোলা ৭২ থেকে ৭৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১৬ থেকে ১১৯ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলায় নিয়োগপ্রাপ্ত টিসিবির ডিলার হাজি ট্রেডার্সের স্বত্বাধিকারী মজিবর রহমান সরকার ও হাতিয়া সাধারণ স্টোরের স্বত্বাধিকারী আবদুল মালেককে গত ৩১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম তাঁর কার্যালয়ে ডেকে জুলাই মাসের বরাদ্দ উত্তোলনের জন্য অনুরোধ জানান। কিন্তু ডিলাররা পণ্য তুলতে অস্বীকৃতি জানালে ৩১ জুলাই থেকে তাঁদের নামে বরাদ্দ বাতিল করা হয়।উলিপুর বাজারের সাধারণ ক্রেতা জমির উদ্দিন অভিযোগ করেন, গত বছর টিসিবির ডিলাররা মাল তুলে সামান্য কিছু সরকারি মূল্যে বিতরণ করলেও বাকি মালামালগুলো কালোবাজারে বিক্রি করেছেন। এ বছর রমজান মাসে মাল না তোলায় সাধারণ লোকজন ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দাবি, নিয়োগ করা দুজন ডিলার সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় সরকারকে বেকায়দায় ফেলতে তাঁরা মাল উত্তোলন করেননি। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জেলা কমিটির ত্রাণ সম্পাদক সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে অভিযোগ করেন, মহাজোট ও জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম তাঁদের আপত্তি উপেক্ষা করে বিএনপির লোককে ডিলার নিয়োগ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে হাতিয়া সাধারণ স্টোরের মালিক আবদুল মালেক জানান, টিসিবির দেওয়া খেজুর, ডাল ও ছোলা অতি নিম্নমানের হওয়ায় তাঁরা জুলাই মাসের বরাদ্দ উত্তোলন করেননি। ইউএনও শাহীনুর আলম ডিলারদের বরাদ্দ বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন।