উলিপুরে ট্রান্সফরমার চুরির হিড়িক
কুড়িগ্রামের উলিপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন উলিপুর ও চিলমারীতে সংঘবদ্ধ চোরেরা গত ১৫ দিনে ১০টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় তিন সহস্রাধিক কৃষক বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারলে বিস্তীর্ণ জমি বোরো মৌসুমে পতিত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে চিলমারী উপজেলার রামেশ্বর শর্মা, বালাবাড়ী, মজিদের পাড়, উলিপুরের জোনাইডাঙ্গা, গুনাইঘাট ও ধামশ্রেণী কাচিয়াগাড়ী গ্রাম থেকে ১০টি ট্রান্সফরমার চুরি গেছে। চোরেরা কোথাও ট্রান্সফরমার, আবার কোথাও ট্রান্সফরমারের কয়েল চুরি করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী চুরি যাওয়া ট্রান্সফরমার পুনঃস্থাপনে পাঁচ কেভি ট্রান্সফরমারের জন্য সাড়ে ২৪ হাজার টাকা, ১০ কেভির জন্য প্রায় ৩৫ হাজার টাকা এবং ১৫ কেভির জন্য সাড়ে ৪১ হাজার টাকা জমা দিয়ে কৃষকদের ট্রান্সফরমার কিনে নিতে হবে। ভুক্তভোগী কৃষকেরা জানান, তাঁদের পক্ষে এত টাকা দিয়ে ট্রান্সফরমার কেনা সম্ভব নয়। গ্রাহকেরা ট্রান্সফরমারে খাঁচা লাগিয়ে, শেকল দিয়ে বেঁধে রেখেও চুরি ঠেকাতে পারছেন না।রামেশ্বর শর্মা গ্রামের হারুনুর রশিদ ও জোনাইডাঙ্গা গ্রামের আশরাফুল আলী বলেন, তাঁদের ট্রান্সফরমারের আওতায় প্রায় ২০০ একর জমি রয়েছে। কিন্তু ট্রান্সফরমার পুনঃস্থাপনে টাকা জোগাড় করতে না পারায় চলতি বোরো মৌসুমে কৃষকেরা সেচ দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সেচের অভাবে যাতে জমি পতিত না থাকে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য পল্লী বিদ্যুৎকে বলব।’পল্লী বিদ্যুৎ সমিতি উলিপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তোফাজ্জল হোসেন (চলতি দায়িত্ব) বলেন, ‘ট্রান্সফরমার চুরির ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশি সহযোগিতা পাচ্ছি না।’উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, সংঘবদ্ধ চোরদের ধরতে অনুসন্ধান চলছে।