উলিপুরে তিস্তার ভাঙনে ৫০টি পরিবার গৃহহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে গত তিন দিনে তিস্তা নদীর ভাঙনে ৫০টি পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙনে ১০০ একর আবাদি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে একটি বিদ্যালয় ও মসজিদ। ভাঙন আতঙ্কে গুনাইগাছ ইউনিয়নের কাজিরচক, সন্তোষঅভিরাম, টিটমা ও হোকডাঙ্গা এলাকার লোকজন বাড়িঘর সরিয়ে নিচ্ছে। গতকাল রোববার সরেজমিন গিয়ে লোকজনকে বাড়িঘর সরিয়ে নিতে দেখা যায়। কাজিরচক গ্রামের বাসিন্দা ছামাদ বসুনিয়া (৬০) বলেন, ‘বাপের জনমে এমন ভাঙন দেখি নাই বাহে। হামার তিস্তা নদী এবার পাগলা হইছে। পাগলা নদী হামার সউগ শ্যাষ করছে।’ একই গ্রামের পেয়ারা বেওয়া (৬০) বলেন, নদী এবার স্কুলটা ভাঙি নিয়া যাইবে। স্কুলটা ভাঙি গেলে মোর নাতনি নূর হাওয়া কোনটে পড়বে।’ কাজিরচক রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মারুফা বেগম জানায়, ১৫-২০ দিন পর দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। স্কুল নদীত চলে গেলে লেখাপড়ার কী হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবাইদুর রহমান জানান, গত তিন দিনের একটানা বৃষ্টি ও ঢলে ভাঙন তীব্র হওয়ায় স্কুলঘরটি রক্ষা করা যাচ্ছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে শ্রমিক দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান মিয়া বলেন, স্কুলটি নদীতে ভেঙে গেলে কিছুই অবশিষ্ট থাকবে না। তাই মৌখিকভাবে প্রধান শিক্ষককে স্কুলঘরটি ভেঙে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকার ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, তাঁর গ্রামের ২৫টি পরিবার গৃহহীন হয়ে বাঁধে আশ্রয় নিয়েছে। সন্তোষ অভিরাম গ্রামের আবুল হোসেন (৪৫) বলেন, ‘ভাঙন থাকি হামাক বাঁচার জন্য চেয়ারম্যানক কত কইছি। কিন্তু চেয়ারম্যান হামাক পাত্তায় দেয় না।’ গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, ভাঙনের কথা উপজেলা নির্বাহী কমকর্তা ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, ভাঙনের কথা শুনেছেন। বরাদ্দ না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।