উলিপুরে দুই চেয়ারম্যান ও চার ইউপি সদস্য বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং চারজন সদস্যকে গত ১৯ ডিসেম্বর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে প্রকল্পের জন্য বরাদ্দ ২১ লাখ টাকা ফেরত চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় ২০১১-১২ অর্থবছরে দুর্গাপুর ইউনিয়নে ১৭ লাখ ও ধামশ্রেণী ইউনিয়নে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই বরাদ্দ ব্যবহার করার কথা। কিন্তু প্রকল্প পরিদর্শনে গিয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলম প্রকল্পের কোনো অস্তিত্ব পাননি। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠান।জেলা প্রশাসক ওই প্রতিবেদন ২০১২ সালের ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব কামরুন্নাহার স্বাক্ষরিত পৃথক পত্রে দুর্গাপুর ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ধামশ্রেণীর চেয়ারম্যান একরামুল হক এবং ইউপি সদস্য ফরিদা পারভীন, আবদুল আজিজ, সুফিয়া বেগম ও অমিনুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সেই সঙ্গে প্রকল্পে বরাদ্দ ২১ লাখ টাকা ফেরত চাওয়া হয়।