কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ ও ধরলা নদী শুকিয়ে যাওয়ায় শ্যামপুর ও কুমারপাড়া গ্রামের ১০ হাজার মানুষ উভয়সংকটে পড়েছে। এই দুই গ্রামের বাসিন্দারা শুষ্ক মৌসুমে পানির অভাবে নানা সমস্যায় ভোগেন এবং বর্ষায় ভাঙনের আতঙ্কে থাকেন।গ্রামের জেলে রজনী (৫০) বলেন, ‘এই নদীটা ছিল হামার বাঁচনের একমাত্র উপায়। নদীতে মাছ ধরে সেই মাছ বাজারে বেচে হামারা বউ-ছাওয়া নিয়া বাঁচি আছলং। এলা সেই নদীত পানি না থাকায় মাছও নাই, হামার কামও নাই। গত দুই মাস থাকি বেকার হয়ে আছি। ধারদেনা করি সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।’ একই ধরনের কথা বলেন মনভোলা (৪২), ক্ষিতিশ (৪৭), কেষ্টসহ (৩৫) কয়েকজন জেলে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, শ্যামপুর ও কুমারপাড়া গ্রামে কোনো বাড়িতে নলকূপ নেই। নদী বা পুকুরের পানিই তাঁদের ভরসা। গ্রামের পাশের ব্রহ্মপুত্র নদ শুকিয়ে যাওয়ায় নদীর দিকে ধু ধু বালি আর বালি। প্রায় দুই কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের তলদেশে সামান্য পানি আছে। কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরপানি। অন্যদিকে ধরলা নদীরও একই অবস্থা। তবে এ নদীটিও গ্রাম দুটি থেকে আড়াই কিলোমিটারের মতো দূরে। গ্রামের পাশের বোরো ধানের গাছগুলো শুকিয়ে লালচে হয়ে গেছে।এ ব্যাপারে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ জানান, ওই দুটি গ্রামের চাষিদের মাটি খনন করে সেচযন্ত্র বসিয়ে এবং নালা কেটে পানি এনে সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে কুমারপাড়া, শ্যামপুর ও অনন্তপুর এলাকায় ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সময়মতো কাজ না করায় ফসলি জমিসহ অনেক স্থাপনা নদীগর্ভে চলে যায়। এবার বর্ষা আসার আগে নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু করা না হলে অনন্তপুর বাজার, বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ ও ইউনিয়ন পরিষদসহ অনেক স্থাপনা নদীভাঙনের শিকার হবে।কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, হাতিয়া এলাকায় নদীভাঙন রোধে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে।