কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙনে বজরা ইউনিয়নের ৪০০ মিটার বাঁধ, শতাধিক বাড়িঘর, ২০০ হেক্টর জমির ধান ও পাট নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে আটটি গ্রাম ও দুটি রেগুলেটর।
এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও তিস্তা নদীর আকসিঞ্চক পানি বৃদ্ধির কারণে বজরা ইউনিয়নের খামার দামার হাট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
গত বুধবার থেকে তিন দিনে তিস্তার ভাঙনে খামার দামার হাট এলাকায় ৪০০ মিটার বাঁধসহ কাজিরচক, সাদুয়া দামার হাট, রাজবল্লভ গ্রামের বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, বোরো ধান, পাট ও সহস্রাধিক গাছ নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙনের কারণে পাউবোর কোটি টাকা মূল্যের দুটি রেগুলেটরসহ বগলাকুড়া, সাতালশকর, নেফরা, হাজির হাট, মুন্সির বাজারসহ আটটি গ্রাম হুমকির মুখে পড়েছে।
বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, তিস্তার ভাঙন থেকে রেগুলেটর ও জনপদ রক্ষার জন্য পাউবোকে জানানো হয়েছে। কিন্তু তারা সময়মতো পদক্ষেপ না নেওয়ায় রেগুলেটরসহ কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে।
ওই দুটি রেগুলেটর তদারকির দায়িত্বে থাকা পাউবোর চিলমারী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, অসময়ে ভাঙন দেখা দেওয়ায় আপাতত বাঁশের তিনটি স্পার (পাইলিং) দিয়ে বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। পরবর্তী সময়ে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, ভাঙন রোধে বরাদ্দ চেয়ে ঢাকা কার্যালয়ে ফ্যাক্স পাঠানো হয়েছে।:n:
সাভারে ভবনধস