উলিপুরে পাটের আবাদ ও দামে কৃষকেরা খুশি
কুড়িগ্রামের উলিপুরে এবার পাটের আবাদ ভালো হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতীরবর্তী এলাকাগুলোতে গত বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় কৃষকেরা খুশি। বাজারে দাম খারাপ না হলেও আরও বেশি দামের আশায় অনেক চাষি এখনই পাট বিক্রি না করে বিক্রির জন্য রেখে দিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চলতি মৌসুমে চার হাজার ৩০ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদনও হয়েছে। কৃষক রিবন বেটিং পদ্ধতি ব্যবহার করায় পাটের মান বেড়েছে। ১১ আগস্ট উলিপুর সদর হাটে গিয়ে দেখা গেছে, হাটে প্রচুর পারমাণ পাট উঠেছে। উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কৃষক সাজেদুল ইসলাম জানান, তিনি ১৪ বিঘা জমিতে চাষ করে প্রতি বিঘায় আট মণ করে পাট পেয়েছেন। সেই পাট হাটে এখন প্রতি মণ বিক্রি করছেন এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭৫০ টাকায়। পাট বিক্রি করে মোটামুটি লাভ থাকছে। তবে গত বছর এই সময়ে আরও বেশি লাভ হয়েছিল।গুনাইগাছ ইউনিয়নের চাষি নজির হোসেন বলেন, প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে ছয় হাজার টাকা। তিনি তিন বিঘায় ২৫ মণ পাট পেয়েছেন। প্রতি মণ পাট এক হাজার ৭৩০ টাকা দরে বিক্রি করেছেন। তবকপুর ইউনিয়নের মোস্তফা জানান, তিনি এবার তিন বিঘা জমিতে পাট চাষ করে ২৫ হাজার টাকা লাভ করেছেন। দলদলিয়া এলাকার সৈয়দ আলী, মজিবর রহমান ও সাইফুল ইসলাম জানান, এবার তাঁরা পাটের ভালো ফলন পেয়েছেন। মানও ভালো। বাজারে এখন যে দাম চলছে, তাতেই তাঁরা খুশি।হাতিয়া ইউনিয়নের কৃষক আবু তালেব অভিযোগ করেন, সরকারি ক্রয়কেন্দ্রগুলোতে পাট ক্রয়কেন্দ্র বন্ধ এবং ফড়িয়া ও মহাজনেরা পাটের বাজার নিয়ন্ত্রণ করায় কৃষকেরা আশানারূপ দাম পাচ্ছেন না।পাট অধিদপ্তর কুড়িগ্রামের মুখ্য পাট পরিদর্শক আবদুল কাদের সরকার জানান, চলতি মৌসুমে জেলার বিভিন্ন হাট-বাজারে এক হাজার ৩০০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকায় প্রতি মণ পাট বিক্রি হচ্ছে। গত বছর জেলায় লতিফ বাওয়ানী জুট মিল, আমিন জুট মিল, প্লাটিনাম জুট মিল, জুবেলি জুট মিল, ইস্টার্ন জুট মিল ও বাংলাদেশ জুট মিল সাত লাখ মণ পাট কিনেছিল। তাই পাটের বাজার চাঙা ছিল। উলিপুরের পাট ব্যবসায়ী সেকেন্দার আলী, আতাউর রহমান ও মন্টু সাহা জানান, অন্যবারের চেয়ে এবার চাহিদা বেশি। এই অঞ্চলের পাট প্রতিবছর খুলনা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, সিলেট, পাবনা, কাশিনাথপুর, বেড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। সরকারি পাট ক্রয়কেন্দ্রগুলোতে পাট ক্রয় শুরু হলে বর্তমান বাজারের চেয়েও বেশি দামে পাট ক্রয় করতে হবে। ফলে কৃষকেরা লাভবান হবেন।