উলিপুরে বখাটে ছাত্রের তিন মাসের কারাদণ্ড
কুড়িগ্রামের উলিপুরে ছাত্রীকে যৌন হয়রানি ও প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক কলেজছাত্রকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উলিপুর থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনুর আলম এই কারাদণ্ড দেন। এ সময় উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।পুলিশ, ছাত্রী-অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিয়া মাদারটারী গ্রামের বাসিন্দা এবং উলিপুর বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের ছাত্র মোর্শেদুল হাসান (২৩) গুনাইগাছ কৃষ্ণমঙ্গল গ্রামের বাসিন্দা ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালে কলেজ কর্তৃপক্ষ ছেলের অভিভাবককে বিষয়টি অবগত করেন। এরপর বখাটে মোর্শেদুল মেয়েটির সঙ্গে তাঁর ছবি জড়িয়ে গ্রামে ছড়িয়ে দেন। কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ মোর্শেদুলকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।