উলিপুরে বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাঁইয়ো (কেউ) হামাক গুলাক দেকে না বাহে। তোমরায় গুলা দেকলেন। তোমার ভালো হইবে। হামার গুলার কী যে উপকার হইল তা কঁয়া শ্যাষ করা যাবার নয়’—কম্বল হাতে পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কথাগুলো বললেন ৯০ বছর বয়সী পদ্মমণি বেওয়া। কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রত্যন্ত হাতিয়া ইউনিয়নে গতকাল শুক্রবার প্রথম আলো বন্ধুসভা শীতবস্ত্র বিতরণ করে। সেখানে শীতবস্ত্র পেয়ে পদ্মমণির মতো অনেক দরিদ্র শীতার্ত গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের বাঁধের পাড়ে বন্ধুসভার কর্মীরা প্রায় ২০০ বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুর মধ্যে সোয়েটার ও কম্বল বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব, প্রথম আলোর উলিপুর প্রতিনিধি মঞ্জুরুল হান্নান, ময়মনসিংহ বন্ধুসভার হাসনা বানু, শিক্ষক আবুল হোসেন প্রমুখ।হাতিয়া চরের শামসুন্নাহার বেওয়া (৭৫), অনন্তপুর গ্রামের আবদুর রহমান (৭০) ও বাঁধের পাড়ের পদ্মমণি বেওয়ার (৯০) মতো বৃদ্ধ-বৃদ্ধারা কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন। তাঁরা এ উদ্যোগের প্রশংসা করে বন্ধুসভার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ছোট ছোট শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন সোয়েটার।