উলিপুরে বাঁশের বেড়া দিয়ে মা-মাছ নিধন
কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদীতে বাঁশের চাটাই ও পলিথিনের বেড়া দিয়ে মা ও ডিমওয়ালা মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি ১০ বছর ধরে এভাবে মাছ শিকার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, উলিপুর পৌর এলাকার খামার নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০ গজ দূরে বুড়ি তিস্তা নদীতে বাঁশের চাটাই দিয়ে পাঁচটি বেড়া দেওয়া হয়েছে। নদীর এপার থেকে ওপার পর্যন্ত বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ বছর ধরে স্থানীয় আবুল কাশেম, জমির উদ্দিন, আবদুল করিম, বাবু মিয়া, হাফিজার রহমান, আবদুল হাই, আবদুর রশিদ ও মহুবর আলী বাঁশের বেড়া দিয়ে নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মা ও ডিমওয়ালা মাছ ধরছেন। এ বিষয়ে স্থানীয় লোকজন প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নারিকেলবাড়ী খামার গ্রামের আবদুর রশিদ ও আবদুর রাজ্জাক বলেন, এলাকার কয়েকজন মানুষ বেআইনিভাবে মা ও ডিমওয়ালা মাছ নিধন করছেন। নদীতে বেড়া দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জমির উদ্দিন ও আবদুল করিম জানান, ১০ বছর ধরে তাঁরা এভাবে মাছ ধরছেন। এভাবে মাছ ধরা যে বেআইনি তা তাঁদের জানা নেই। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, নদীতে চাটাই ও পলিথিন ব্যবহার করে মা ও ডিমওয়ালা মাছ ধরা আইনত দণ্ডনীয়। এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।