উলিপুরে বাল্যবিবাহ বন্ধের শপথ নিল শিক্ষার্থীরা

কুড়িগ্রামের উলিপুরে পণ্ডিত মহির উদ্দিন উচ্চবিদ্যালয়কে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মজিবর রহমান সরকার।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় কৈশোর স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের অধীনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচি সমন্বয়ক মাহফুজার রহমান ও ইএসডিওর টেকনিক্যাল কো-অর্ডিনেটর আহসানুল কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক সৈয়দ ফারুক আহম্মেদ, শিক্ষার্থী লিজা আক্তার, রোকাইয়া আক্তার প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আইনের সঠিক বাস্তবায়নেই পারে শিশু বিবাহ বন্ধ করতে’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা হয়। বাল্যবিবাহ
বন্ধে শপথ গ্রহণ শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।