উলিপুরে বুড়ি তিস্তা বাঁচাতে সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উলিপুরে দখলদারদের হাত থেকে বুড়িতিস্তা বাঁচাতে সমাবেশ ও সাইকেল শোভাযাত্রা করা হয়। ছবিটি গতকাল তোলা  l প্রথম আলো
উলিপুরে দখলদারদের হাত থেকে বুড়িতিস্তা বাঁচাতে সমাবেশ ও সাইকেল শোভাযাত্রা করা হয়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

‘বুড়ি তিস্তা আমার মা, দখল হতে দেব না’ স্লোগান ধারণ করে গতকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম উলিপুরে সমাবেশ ও সাইকেল শোভাযাত্রা হয়েছে।

উলিপুর শহীদ মিনার চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সাইকেল শোভাযাত্রাটি ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামের বুড়ি তিস্তার পাড়ে পৌঁছায়।

নারকেলবাড়ী ব্রিজের পার এলাকার গৃহবধূ ইসমত আরার বাড়ির পাশ দিয়ে মিছিল যাচ্ছিল। তিনি স্লোগান শুনে বাড়ির বাইরে এসে হাততালি দিয়ে বলেন, ‘হামার বাড়ির সাথে নাগা নদী। ২০ বছর আগে বিয়া হয়া আসি দেখি নদীত কত পানি। এ্যালা শুকনা। দিন দিন মানুষ দখল করি শ্যাষ করছে।’

থেতরাই এলাকায় কথা হয় রিকশাচালক আ. ছাত্তারের সঙ্গে। তিনি বলেন, ‘হামরা আগে বুড়ি তিস্তাত মাছ মারি সংসার চলাইছি। এ্যালা নদী মরি যাওয়াতে মাছ নাই। বাধ্য হয়া দুই বছর থাকি রিকশা চালাই।’

উলিপুর প্রেসক্লাব এবং রেল, নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি আয়োজিত এই সাইকেল শোভাযাত্রার শুরুতে সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মজিদ হাড়ি, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ।

বুড়ি তিস্তা উলিপুর উপজেলার তেথরাই ইউনিয়নের অর্জুন এলাকা হয়ে পৌরসভার ভেতর দিয়ে চিলমারী উপজেলার কাঁচকোল হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মেশে। তিস্তা নদী থেকে বের হয়ে ৩০ কিলোমিটার পাড়ি দিয়ে এই শাখানদীটি বুড়ি তিস্তা নামে পরিচিতি পায়। ২০ বছর আগে অর্জুন গ্রামে পানি উন্নয়ন বোর্ড একটি স্লুইসগেট দেয়। পরে সেটি ভেঙে গেলে পানি উন্নয়ন বোর্ড সেখানে স্থায়ী বাঁধ দিয়ে বুড়ি তিস্তার মুখ বন্ধ করে দেয়। এই সুযোগে একদল দখলদার দুই পাড়ে জমি দখল করে মার্কেট, দোকান-ঘরবাড়ি নির্মাণ করছে।