উলিপুরে বোরো বীজের সংকট, খালি হাতে ফিরছেন কৃষক
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বোরো ধান বীজের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উলিপুর বীজ বিক্রয় কেন্দ্রে বর্তমানে এই বীজের কোনো মজুত নেই। প্রায় প্রতিদিনই ওই কেন্দ্রে বীজ নিতে এসে কৃষকেরা ফিরে যাচ্ছেন।
এই সুযোগে বোরো বীজের ডিলার ও খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। তাঁরা ১০ কেজি ওজনের বীজ সরকার নির্ধারিত ৩৪০ টাকার পরিবর্তে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি করছেন।
বিএডিসির বীজ বিক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক সোহরাব হোসেন জানান, গত ২৫ অক্টোবর থেকে তিন দফায় ব্রি-২৮ জাতের ধান বীজ ১০ টন, ব্রি-২৯ পাঁচ টন ও হাইব্রিড ৪২০ কেজি বরাদ্দ পাওয়া যায়। তা ১৩ নভেম্বরের মধ্যে শেষ হয়ে গেছে। বীজের জন্য লিখিতভাবে চাহিদা দেওয়া হলেও বিএডিসির বীজ বিপণন কেন্দ্র রংপুর কার্যালয় থেকে জানানো হয়, তাদের দপ্তরে বীজ নেই। সোহরাব হোসেন বলেন, উলিপুরের ১৪ জন ডিলার গত মাসে বিএডিসি রংপুর বীজ বিপণন কেন্দ্র থেকে ব্রি-২৮ জাতের বীজ ৪২ টন, হাইব্রিড আড়াই টন উত্তোলন করেন।
বীজের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ার কথা স্বীকার করে ডিলার আবদুর রশীদ বলেন, বীজ বিক্রয় কেন্দ্র ও ডিলারদের যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, তা দিয়ে মাত্র ৪০ শতাংশ কৃষকের চাহিদা মেটানো সম্ভব।
গত রোববার সকালে বীজ বিক্রয় কেন্দ্রে বীজ নিতে এসেছিলেন উলিপুর পৌরসভার হায়াৎ খাঁ গ্রামের কৃষক আবদুর রশীদ, গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের কৃষক ফয়জার রহমান, পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামের নূর ইসলামসহ আরও অনেকে। তাঁরা বলেন, এক সপ্তাহ ধরে বীজ বিক্রয় কেন্দ্রে বীজের জন্য আসছেন তাঁরা। কিন্তু বীজ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। এতে তাঁদের সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। কৃষকেরা অভিযোগ করেন, খুচরা বাজারের বীজ বেশি টাকায় বিক্রি হলেও সেগুলো ভেজালে ভরা।
যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তাঁর দপ্তরে প্রতিদিন বীজের জন্য কৃষকেরা এসে খোঁজ নিচ্ছেন। বীজ-সংকটের বিষয়টি লিখিতভাবে বিএডিসির বীজ বিপণন কেন্দ্রের রংপুর আঞ্চলিক কার্যালয় ও জেলা বীজ মনিটরিং কমিটিকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।