উলিপুরে ভাঙন রোধ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে পাউবো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাদ্দ না পাওয়ায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকায় বাঁধ রক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এদিকে প্রতিটি এক কোটি টাকা মূল্যের দুটি রেগুলেটর তিস্তা নদীর ভাঙন ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।কয়েকজন এলাকাবাসী ও পাউবো কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টি ও তিস্তা নদীতে আকসিঞ্চক পানি বৃদ্ধির কারণে ৮ মে থেকে উপজেলার বজরা ও গুনাইগাছ ইউনিয়নের খামার দামারহাট এলাকায় পাউবোর বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। ভাঙনে ৪০০ মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ কাজিরচক, সাদুয়া দামারহাট ও রাজবল্লব গ্রামের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, বোরো ধান, পাট ও সহস্রাধিক গাছপালা বিলীন হয়। ৮ মে থেকেই ভাঙন রোধে পাউবোর কুড়িগ্রাম কার্যালয়ের পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতায় বালুর বস্তা ও বাঁশের পাইলিং শুরু হয়। গত শনিবার পানির তোড়ে এক কোটি টাকা মূল্যের একটি রেগুলেটর নদীতে বিলীন হয়ে যায়। আবেদন করে পাউবোর ঢাকা কার্যালয় থেকে বরাদ্দ না পাওয়া ও ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় রোববার থেকে কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।খামার দামারহাট এলাকার আবদুল জব্বার ও শমসের আলী জানান, কাজ বন্ধ হওয়ায় গ্রামবাসী ভাঙন আতঙ্কে রয়েছে। পাউবোর উপসহকারী প্রকৌশলী মহিবুল ইসলাম বলেন, বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলে নদীর ভাঙন রোধে চেষ্টা করা হয়েছে। কিন্তু বরাদ্দ না থাকা এবং ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে।১২ মে প্রথম আলোতে ‘উলিপুরে নদী ভাঙনে বাঁধ ও শতাধিক বাড়িঘর বিলীন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।