উলিপুরে ভাঙনে দুই শতাধিক মানুষ নিঃস্ব
কুড়িগ্রামের তিস্তার ভাঙনে গত ২৪ ঘণ্টায় ৫০টি পরিবারের দুই শতাধিক মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ১০০ একর আবাদি জমি, ঘরবাড়ি ও গাছপালা। হুমকির মুখে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে গুনাইগাছ ইউনিয়নের কাজিরচক, হোকডাঙ্গা, টিটমা এলাকার লোকজন বাড়িঘর সরিয়ে নিচ্ছে এবং বাড়ির উঠানে লাগানো বড় বড় গাছ, বাঁশ পানির দরে বিক্রি করছে।সরেজমিনে গতকাল বৃহস্পতিবার কাজিরচক, হোকডাঙ্গা ও টিটমা এলাকা ঘুরে তিস্তার ভাঙন প্রত্যক্ষ করা গেছে। দক্ষিণ সন্তোষ অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের কাছাকাছি অবস্থান করায় আট হাজার টাকা চুক্তিতে এলাকাবাসীর সহায়তায় বিদ্যালয়টি ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া কাজিরচক জামে মসজিদ, টিটমা জামে মসজিদ, কাজিরচক রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের হুমকির মুখে রয়েছে। দক্ষিণ সন্তোষ অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার জানান, ৩ আগস্ট সকাল থেকে তিস্তা নদীর ভাঙন এত তীব্র হয়েছে যে স্কুলঘরটি ভাঙা ছাড়া কোনো উপায় ছিল না। উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে গতকাল বিদ্যালয়টি ভেঙে মাওলানা আবদুল গফফার সাহেবের বাড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। স্কুল না থাকায় কাজিরচক রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে। কাজিরচক গ্রামের জমুর উদ্দিন (৪০), আবুল কালাম (২৫), আবু তালেব (৩০) ও রফিক মিয়া (৬০) জানান, কয়েক বছরের ভাঙনের মধ্যে এবারই তিস্তা নদীর ভাঙন তীব্রতর হয়েছে। তিস্তা নদী রুদ্রমূর্তি ধারণ করায় ভাঙনের কবল থেকে সহায়-সম্পদ রক্ষা করা কষ্টকর হয়ে পড়েছে। টিটমা গ্রামের সাইফুল ইসলাম (৫০), আবুল হোসেন (৪৫), ছইকত আলী (৩২) এবং হোকডাঙ্গা গ্রামের আবদুল মজিদ (৫৫), আবদুস সবুর (৬০) বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এই এলাকায় ভাঙনে বসতভিটাসহ গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। অবশিষ্ট গাছপালা বাধ্য হয়ে পানির দরে ব্যাপারিদের কাছে বিক্রি করা হচ্ছে। সহায়-সম্বল হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।’ তাঁরা জানান, এবার নিয়ে তাঁরা চারবার নদীভাঙনের কবলে পড়েছেন। ঘরে খাবার না থাকায় অর্ধাহারে-অনাহারে অন্যের জায়গায় দিন কাটাচ্ছেন। উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলম ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। ইউএনও বলেন, ভাঙনকবলিত লোকদের জন্য শিগগির তিন থেকে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হবে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ না থাকায় পাউবোর কিছুই করার নেই। বরাদ্দ পেলে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।