উলিপুরে রানীক্ষেত ও গাম্বুরো রোগে দুই হাজার মুরগির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে রানীক্ষেত ও গাম্বুরো রোগে গত ২০ দিনে দুই হাজার মুরগি মারা গেছে। এর ফলে খামারিরা মূলধন হারিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। জানা যায়, উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গুনাইগাছ পূর্বপাড়া ও পাণ্ডুল ইউনিয়নের পাণ্ডুল গ্রামে এ রোগ দেখা দিয়েছে। খামারি আবু তালেব জানান, তাঁর মুরগির খামারে এক হাজার মুরগির মধ্যে সব কয়টি রানীক্ষেত রোগে মারা যায়। একই গ্রামের আনোয়ারুলের ৫০০ ও পাণ্ডুল গ্রামের হাজি মোজাফ্ফর রহমানের ৫০০ মুরগি মারা গেছে। আবু তালেব জানান, সিপি কোম্পানির স্থানীয় ডিলার মিম পোলট্রি অ্যান্ড ফুডের মালিক নূরে আলমের কাছ থেকে লেয়ার মুরগির বাচ্চা নিয়ে সাত মাস আগে খামারের কাজ শুরু করেন। চার মাস বয়সী মুরগিগুলো ডিম দেওয়া শুরু করলে কিছুদিন পর মুরগির রানীক্ষেত ও গাম্বুুরো রোগ দেখা দেয়। খামারি আনোয়ারুল ও হাজি মোজাফ্ফর রহমান বলেন, ‘সিপি কোম্পানির মুরগির বাচ্চা কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা।’খামারি রফিকুল ইসলাম ও এমদাদুল হক বলেন, প্রাণিসম্পদ বিভাগে গিয়েও সময়মতো কর্মকর্তাদের পাওয়া যায় না। তাঁরা বিভিন্ন অজুহাতে কার্যালয়ে অনুপস্থিত থাকেন।উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন আবদুল আজিজ প্রধান জানান, ‘ডিলারদের দেওয়া ভ্যাকসিন নিম্নমানের। প্রাণিসম্পদ বিভাগে পর্যাপ্ত উচ্চমানের ভ্যাকসিন থাকলেও এখানে কোনো খামারি যোগাযোগ করেন না। এমনকি খামারের মুরগি রোগে আক্রান্ত হলে সে সংবাদটুকুও আমাদের জানানো হয় না।’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ‘রানীক্ষেত ও গাম্বুরো রোগে মুরগি মারা যাওয়ার ঘটনা আমার জানা নেই। তবে শুনেছি।’জেলা প্রাণিসম্পদ বিভাগে কর্মরত বার্ড ফ্লু বিশেষজ্ঞ ডা. নাছির বলেন, রানীক্ষেত ও গাম্বুরো রোগের লক্ষণ হচ্ছে মুরগির চুনা পায়খানা ও কণ্ঠনালি ফুলে যাওয়া। কণ্ঠনালি ফুলে যাওয়ার কারণে মুরগি খাদ্য গ্রহণ করতে না পেরে দ্রুত মারা যায়। এ রোগে আক্রান্ত মুরগি মানুষ খেলে তারাও বিভিন্ন রোগে আক্রান্ত হবে।