উলিপুরে রোটা ভাইরাসে আক্রান্ত ৩০ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্যাপক হারে রোটা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। গত তিন দিনে এই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে ৩০ শিশু উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
ওই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শীত ও ঠান্ডাজনিত আবহাওয়ার কারণে এই ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর আগে সাধারণত ৪০ দিনের শিশুদের এই রোগে আক্রান্ত হতে দেখা যেত। কিন্তু এখন এক দিনের শিশুও এই রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন উপজেলার ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্য কমপ্লেক্সে রোটা ভাইরাসে আক্রান্ত তিন শতাধিক শিশু চিকিৎসা নিতে আসছে। যাদের শারীরিক অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। গত তিন দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে এই রোগে আক্রান্ত ৩০ শিশুকে ভর্তি করা হয়েছে।
আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্বে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এস এম তারিফ জানান, তীব্র শীতের কারণে রোটা ভাইরাসজনিত রোগ দেখা দিয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা বেশি আক্রান্ত হচ্ছে। এ রোগে আক্রান্তদের প্রথমে জ্বর হয়, পরে জ্বরের সঙ্গে পাতলা পায়খানা হয়, যা এক সপ্তাহ পযর্ন্ত থাকে। বাবা-মায়েরা শিশুদের স্বাস্থের বিষয়ে সচেতন হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।