উলিপুরে শতাধিক পোল্ট্রি খামার বন্ধ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মুরগির খামারের মালিকেরা লোকসানের মুখে পড়ায় এবং মুরগির খাদ্য, ওষুধের দাম ও ব্যাংক ঋণ না মেলায় প্রায় শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ডিমের পাইকারি দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় এ ব্যবসায় মন্দাভাব বিরাজ করছে।উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও খামারের মালিক সূত্রে জানা গেছে, উপজেলায় ৮০টি তালিকাভুক্ত মুরগির খামারসহ তালিকাভুক্তির বাইরে ছোট-বড় আরও ৮০টি খামার রয়েছে।খামারের কয়েকজন মালিক জানান, গত তিন-চার মাসে ১০০ ডিমের দাম ৫০০ টাকা থেকে কমে ৪৩০ টাকা হয়েছে। অন্যদিকে খাদ্য ও ওষুধের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। ৫০ কেজি ওজনের এক বস্তা খাদ্যের দাম এখন এক হাজার ৭৫০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকা হয়েছে। এক বছর আগেও এর দাম ছিল এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা।উলিপুর উপজেলার খামারি রফিকুল ইসলাম ও মমিনুল ইসলাম জানান, তাঁরা ডিলার ও এনজিওর দ্বারস্থ না হয়ে নিজস্ব অর্থায়নে খামার পরিচালনা করে আসছেন। তাঁদের অভিযোগ, ঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোয় বারবার যোগাযোগ করেও কোনো ঋণ পাননি।খামারি রতন সরকার জানান, অর্থসংকট, খাদ্যের উচ্চমূল্য, নিম্নমানের ওষুধ, খামারিদের প্রশিক্ষণের অভাব, ডিমসংকটে কোল্ড স্টোরেজের সুবিধা ও মুরগির বাজারব্যবস্থাপনা না থাকায় অনেকেই এ পেশা ছেড়ে ভিন্ন পেশায় চলে যাচ্ছেন।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখার ব্যবস্থাপক মো. আশরাফ আলী জানান, উপজেলার কোনো খামারিকেই ঋণ দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে তাঁদের ঋণের ব্যবস্থা করা হবে।খাদ্য ব্যবসায়ী আসমত ট্রেডার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম জানান, খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় এবং ডিমের দাম কমে যাওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীন খাদ্য ও ওষুধের মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে সরকারের নীতি গ্রহণ করা উচিত।