উলিপুরে শোক র্যালিতে হামলা, আহত ১০
কুড়িগ্রামের উলিপুরে গতকাল বৃহস্পতিবার ১৫ আগস্টের শোক র্যালিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এক পক্ষের হামলায় বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখা সভাপতিসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় ব্যানার ছিনতাই ও নারী কর্মীকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু পরিষদ উলিপুর শাখার সভাপতি আবদুল মতিন, উপদেষ্টা সদস্য হরি গোপাল সরকার, নাসিমা বানুসহ পাঁচ শতাধিক ব্যক্তি গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে একটি শোক র্যালি বের করেন। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ মাঠের কাছে পৌঁছলে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এতে আবদুল মতিন, মুক্তিযোদ্ধা নুর মোহামঞ্চদ, স্বপন সরকার, হোমায়রা আক্তার, শামীমা আক্তারসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী রায় হামলার ঘটনা স্বীকার করে নেতা-কর্মীদের ওই আচরণের নিন্দা জানান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তিনি হামলার ঘটনা শুনেছেন। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ নিয়ে আসেনি।