উলিপুরে সন্ত্রাসী হামলায় খেলা পণ্ড, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলার কারণে গত মঙ্গলবার কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ড কাপের চূড়ান্ত খেলা পণ্ড হয়ে গেছে।

এ ঘটনায় ওই দিন রাত নয়টায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন-উর-রশীদ বাদী হয়ে লাল্টুসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ রাতে অভিযান চালিয়ে পৌরসভার সরদারপাড়া গ্রামের আজিজ উদ্দিনের ছেলে সোহ্যাতকে (১৫) গ্রেপ্তার করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম হামলায় খেলা পণ্ড হওয়ার কথা স্বীকার করে বলেন, পরে সুবিধাজনক সময়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটায় উলিপুর স্টেডিয়ামে গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চূড়ান্ত খেলা চলছিল।

এ সময় মাঠের বল গিয়ে দর্শক সারিতে বসা স্থানীয় কিশোর লাল্টুর গায়ে লাগে। বল গায়ে লাগাকে কেন্দ্র করে লাল্টুসহ ১০-১২ জন কিশোর লাঠিসোঁটা নিয়ে খুদে খেলোয়াড়দের ওপর হামলা চালায়।

হামলায় খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলরক্ষক মমিনুল, প্রধান শিক্ষক খন্দকার মাহফুজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ ১০ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।