উলিপুরে সড়ক দুর্ঘটনায় পোলিং কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পোলিং কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক পোলিং কর্মকর্তা। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উলিপুর উপজেলার মাঠেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পোলিং কর্মকর্তা হলেন মিঠু কুমার (৩২)। তিনি উলিপুরের দলদলিয়া ইউনিয়নের বসারবাজার এলাকার বীরেন্দ্র নাথের ছেলে। আহত কর্মকর্তার নাম রাহেনুল ইসলাম। তিনি একই এলাকার বদরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবার ও স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মিঠু কুমার ও রাহেনুল ইসলাম সকালে একসঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। মাঠেরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বালু ভর্তি ট্রলিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মিঠুর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পাশের পুকুরে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন। আর রাহেনুলকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠু কুমার উপজেলার বজরা ইউনিয়নের ১১৬ নম্বর কেন্দ্র সাদুয়া দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোলিং কর্মকর্তা ও রাহেনুল ইসলাম ৪ নম্বর নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। মিঠু কুমার উপজেলার কাজিপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও রাহেনুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মিঠু কুমারের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আজ এই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।