উলিপুরে ১০৮০ শিক্ষক মার্চের বেতন পাননি
কুড়িগ্রামের উলিপুরে ১১৮টি সরকারি ও ১২৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ৮০ জন শিক্ষক গতকাল মঙ্গলবার পর্যন্ত মার্চ মাসের বেতন পাননি। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অর্থনৈতিক ক্ষমতা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুন থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। এক সপ্তাহ আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে উলিপুরের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তিনি উলিপুরে যোগদানের পর থেকে অফিসে আসছেন না। গত কয়েক দিন ধরে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান সহকারী মজিবর রহমান বলেন, ‘ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অর্থনৈতিক ক্ষমতা না থাকায় তিনি কয়েক দিন ধরে অফিসে আসছেন না। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা বেতনের জন্য অফিসে এসে ধরনা দিচ্ছেন। এ অবস্থায় আমরা বিপাকে পড়েছি।’ ভুক্তভোগী শিক্ষকেরা জানান, তাঁরা সারা মাস বাকিতে দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনেন। অনেকের বাসা ভাড়া পরিশোধ করতে হয় ৫ তারিখের মধ্যে। কিন্তু বেতন না পাওয়ায় তাঁরা বাকির টাকা ও বাড়ি ভাড়া পরিশোধ করতে পারছেন না। পশ্চিম নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক ও জোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারজানা আক্তার বলেন, বেতন না পাওয়ায় সংসারের নানা প্রয়োজন মেটানো যাচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান গতকাল বলেন, ‘উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অর্থনৈতিক ক্ষমতা দেওয়ার সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে শিক্ষকেরা বেতন পাবেন।’