উলিপুরে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা এলাকার অবৈধ ২০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত দোকানগুলো উচ্ছেদ করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন সড়কের দুই ধারে ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন। এতে যানবাহন, মানুষ চলাচলে সমস্যা ও যানজটের সৃষ্টি হয়। সম্প্রতি নির্বাচিত মেয়র তারিক আবুল আলা চৌধুরী নির্বাচিত হয়ে এটিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বণিক সমিতি ও নাগরিক সমাজের লোকজনকে নিয়ে এক বৈঠকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে পৌরসভার পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে সময় বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়া সময় শেষে গতকাল সকাল ১০টা থেকে দিনব্যাপী দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এসব দোকানের মধ্যে ছিল ফলমূল, তরকারি, পান-বিড়ি, মাংস, বয়লার মুরগি, মুড়ি, জুতার দোকান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম জামেরী হাসানের নেতৃত্বে অভিযানের সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, সহকারী পুলিশ সুপার ‘বি সার্কেল’ মো. মনিরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্যা আল সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, সাবেক সভাপতি আবদুল মজিদ, জ্যেষ্ঠ সহসভাপতি সোলায়মান সরদার বাদশা, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদসহ পৌরসভার নির্বাচিত কাউন্সিলররা।
এ ব্যাপারে পৌরসভার মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, এসব দোকানের কারণে শহরে যানজট লেগেই থাকত। যানবাহন ও মানুষ চলাচল করতে সমস্যা সৃষ্টি হতো। দল-মতনির্বিশেষে সিদ্ধান্ত নিয়ে ওই দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে।