উল্টে যাওয়া বাসের চাপায় তিন পথচারী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল সোমবার রাতে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশে উল্টে যাওয়ার ঘটনায় তিন পথচারী নিহত হয়েছেন। প্রথমে বাসের নিচে চাপা পড়ে তাঁরা আহত হন। আজ মঙ্গলবার ভোররাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। এ ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল রাত ১০টার দিকে উপজেলার ফাঁসিতলা মাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত তিনজন হলেন উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের আলিম মিয়া (৪০), ইসমাইল হোসেন (৪০) ও তাঁর স্ত্রী তারা বেগম (২৮)।
আহত ১৫ জন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। একই পরিবহনের অপর একটি বাস দিনাজপুর থেকে সিলেট যাচ্ছিল। ফাঁসিতলা মাস্তা এলাকায় বাস দুটি পরস্পরকে অতিক্রম করার সময় সিলেটগামী বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে সিলেটগামী বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। বাসের চাপায় তিন পথচারী আহত হন। এ ছাড়া আহত হন ১৫ যাত্রী।
আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত তিন পথচারী আলিম, ইসমাইল ও তারা বেগমকে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর চারটার দিকে তাঁরা মারা যান।
পুলিশ জানায়, ঘটনার পর বাস দুইটি আটক করা হয়েছে। বাস দুটির চালক ও তাঁদের সহকারীরা পালিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।