উল্টো পথে ইসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের (ইসি) অধীন হলেও বর্তমান কমিশন এখন উল্টো পথে হাঁটছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানানোর জন্য তারা এসব বাহিনীকে না ডেকে নিজেরাই তাদের দপ্তরে দপ্তরে ঘুরতে শুরু করেছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল সোমবার নির্বাচন কমিশনার জাবেদ আলী পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বেলা তিনটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত এ বৈঠক চলে। আজ তিনি বিজিবি ও আনসারের সদর দপ্তরে এবং কাল বুধবার র্যাব ও কোস্টগার্ডের সদর দপ্তরে সেখানকার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
কমিশনের এই ভূমিকাকে ‘হাস্যকর’ ও ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন কমিশন সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা। তাঁরা বলেন, কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানে বলা আছে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করা সরকারের নির্বাহী বিভাগের দায়িত্ব। নিজেদের চাহিদা সম্পর্কে জানানোর জন্য কমিশন সরকারের যেকোনো প্রতিষ্ঠানকে ডাকতে পারবে। সরকারের নির্বাহী বিভাগের দপ্তরে গিয়ে তাদের সঙ্গে বৈঠকের ঘটনা কমিশনের ইতিহাসে নেই।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক গতকাল প্রথম আলোকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ বিষয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন।
এ বিষয়ে জানতে সিইসি কাজী রকিবউদ্দীন, কমিশনার আবু হাফিজ ও জাবেদ আলীকে ফোন করে পাওয়া যায়নি।
কমিশন সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে কমিশনকে সমালোচিত হতে হচ্ছে। এই প্রেক্ষাপটে কমিশনার জাবেদ আলী ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদর দপ্তরে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন। তিনি কমিশনের প্যাডে নিজের দপ্তর থেকে এ বিষয়ে নথি উত্থাপন করেন। সিইসিসহ অন্য কমিশনাররা মৌখিকভাবে তাঁকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, বিষয়টি কমিশনের জন্য সম্মানজনক হবে না। যদিও শেষ পর্যন্ত সিইসিসহ অন্য কমিশনাররা এ-সংক্রান্ত নথি অনুমোদন করেন।
এ ঘটনায় পরে কমিশনাররা জরুরি বৈঠক করেন বলে কমিশনের একটি সূত্র জানিয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল সিইসিসহ সব কমিশনারের ব্যক্তিগত নামে প্যাড ছাপানোর নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে কোনো কমিশনার ব্যক্তিগতভাবে কোথাও পরিদর্শনে গেলে তা ব্যক্তিগত সফর হিসেবে বিবেচিত হবে। সফরের বিষয়ে ব্যক্তিগত প্যাডে কমিশনকে জানাতে হবে।
নির্বাচন কমিশনারের এমন কর্মকাণ্ড সম্পর্কে কমিশনের সাবেক আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, প্রয়োজন হলে কমিশন নির্বাহী বিভাগকে ডাকবে। নির্বাহী বিভাগ সেই ডাকে সাড়া দেবে। সংবিধানে তা-ই বলা আছে। কমিশন নির্বাহী বিভাগের দপ্তরে ছোটাছুটি করলে কমিশনের নিরপেক্ষতা ও সম্মান প্রশ্নবিদ্ধ হয়।