উল্টো পথে পুলিশের গাড়ি, একজন নিহত, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী এলাকায় গতকাল বিকেলে উল্টো দিক দিয়ে আসা পুলিশের একটি গাড়ির ধাক্কায় ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। এর ফলে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছবিটি সন্ধ্যা ছয়টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের শাহবাগ এলাকা থেকে তোলা l প্রথম আলো
রাজধানীর বনানী এলাকায় গতকাল বিকেলে উল্টো দিক দিয়ে আসা পুলিশের একটি গাড়ির ধাক্কায় ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। এর ফলে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছবিটি সন্ধ্যা ছয়টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের শাহবাগ এলাকা থেকে তোলা l প্রথম আলো

উল্টোদিক থেকে আসা পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিয়াজউদ্দিন (২৫)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘অপপো’র কর্মকর্তা। এ ঘটনায় রথিন নামে অপপোর আরেক কর্মকর্তা আহত হন।
এ দুর্ঘটনার পর জনতা বনানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা পুলিশ ও গাড়িচালকের বিচার দাবি করেন। বিক্ষোভের কারণে বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানজট একপর্যায়ে পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা তিনটার দিকে কাকলী মোড় থেকে মোটরসাইকেলে করে রিয়াজ ও রথিন বনানীর ২৭ নম্বর সড়কে ঢুকছিলেন। এ সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি মিনিবাস ঢাকা গেটের পাশ দিয়ে উল্টো পথে কাকলীর দিকে যাচ্ছিল। এতে মোটরসাইকেলের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে চালক ও মোটরসাইকেলের যাত্রী ছিটকে রাস্তায় পড়ে আহত হন।
রিয়াজের সঙ্গে থাকা আহত রথিন সাংবাদিকদের বলেন, রাস্তায় পড়ে যাওয়ার পর রিয়াজ সুস্থই ছিল। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু বাসের চালক গতি বাড়িয়ে দিলে রিয়াজের মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়।

নিহত রিয়াজউদ্দিন
নিহত রিয়াজউদ্দিন


এ ঘটনার পর আশপাশের লোকজন ঢাকা গেটের সামনে বিমানবন্দর সড়কে জড়ো হন। হাজার খানেক বিক্ষোভকারী সড়ক অবরোধ করে ঘটনায় জড়িত চালকের বিচার দাবি করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুলশান, বনানী, মহাখালী, ঢাকা সেনানিবাস, কুড়িল উড়ালসেতু হয়ে খিলক্ষেত পর্যন্ত সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। এসব সড়কের দুই পাশেই ঘণ্টার পর ঘণ্টা যানবাহনগুলো আটকে থাকে। পরিস্থিতি সামাল দিতে বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জড়িত চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানতে চাইলে ট্রাফিক উত্তরের অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়রা পারভিন প্রথম আলোকে বলেন, মিনিবাসটি ক্রসিং পার হওয়ার সময় ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলের চালক রাস্তায় পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ নিয়ে এখানে সাময়িক উত্তেজনা হয়। বিষয়টি এখন নিয়ন্ত্রণে আছে।