মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মা নদীতে উল্টো স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে অতিরিক্ত আরও এক ঘণ্টা সময় বেশি ব্যয় হচ্ছে। এ অবস্থা ঈদের আগ পর্যন্ত চলতে থাকলে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের কবলে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এ নৌপথ দিয়ে চলাচলকারী যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উল্টো স্রোতের কারণে পরিস্থিতি বেশি খারাপ হলে অনেক সময় টানা ফেরি বন্ধ রাখা হয়। রো রো, মাঝারি ও ছোট ফেরি চললেও তখন সময় ব্যয় হয় প্রায় আড়াই ঘণ্টা। স্বাভাবিক সময়ে ফেরি চলাচলে ব্যয় হয়ে থাকে এক ঘণ্টা ২০ মিনিটের মতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতের উল্টোগতির কারণে কয়েক দিন আগে মাওয়া ঘাটের কাছে ৩৭ জন শ্রমিক নিয়ে একটি মাটিবোঝাই ট্রলার ডুবে যায়। পরে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হলেও ট্রলারটিকে আর খুঁজে পাওয়া যায়নি।
গতকাল মাওয়া ঘাটে কথা হয় যাত্রী আনোয়ার হোসেনের সঙ্গে। আনোয়ার জানান, তিনি খুলনা যাবেন। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত। তাই লঞ্চে না গিয়ে সময় বেশি লাগলেও ফেরিতে করে যাওয়ার জন্য উঠেছেন। মাদারীপুরের সোহরাব হোসেন জানান, এ অবস্থা ঈদের আগ পর্যন্ত চললে এবার মাওয়া ঘাটে প্রচণ্ড যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হবে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বর্তমানে ঈদের প্রস্তুতি হিসেবে মাওয়া ঘাটে মোট ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে টানা ফেরি সাতটি, রো রো ফেরি তিনটি, কে-টাইপ ফেরি চারটি, মাঝারি ফেরি দুটি, ছোট ফেরি একটি।
মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, উল্টো স্রোতের কারণে ফেরি চলতে সমস্যায় পড়তে হচ্ছে। টানা ফেরিকে টেনে নিতে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। তাই সময় বেশি লাগছে। ঈদের জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু প্রকৃতির ওপরে তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে ঈদের আগে এ অবস্থা থাকলে সমস্যায় তো কিছুটা পড়তে হবেই।’