উল্টো চিত্র!
রমজান মাসে একটানা আধ ঘণ্টা করে সারারাত সর্বোচ্চ দুই ঘণ্টা লোডশেডিং হবে—সরকারের পক্ষ থেকে গত সোমবার এই ঘোষণা দেওয়া হয়। অথচ রমজানের প্রথম রাতেই ঠিক উল্টো চিত্র ছিল জয়পুরহাটের কালাই পৌরশহরে। দুই ঘণ্টা লোডশেডিং নয়; সোমবার সারারাত সেখানে বিদ্যুৎ মিলেছে গড়ে দুই ঘণ্টা। তাও একটানা নয়, একটানা দুই-তিন ঘণ্টা লোডশেডিংয়ের ফাঁকে বিদ্যুৎ মিলিছে ১৫ মিনিট, আধা ঘণ্টা করে। গ্রাহকেরা জানান, রাতে তারাবির নামাজ শুরু হওয়ার পর পরই বিদ্যুৎ চলে যায়। এরপর রাত সোয়া ১২টা পর্যন্ত টানা লোডশেডিং চলে। মাঝখানে একবার বিদ্যুৎ এলেও তা ছিল ১০ মিনিটের মতো। পরে ভোর চারটা পর্যন্ত থেমে থেমে বিদ্যুৎ সরবরাহ করা হয় গড়ে দুই ঘণ্টা। বিদ্যুৎ মেলেনি শেষ রাতের সেহিরর সময়ও। ফলে রমজানের প্রথম রাতেই লোডশেডিংয়ের চরম ভোগান্তি আর অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৬ নম্বর সঞ্চালন লাইনের আওতাভুক্ত কালাই এলাকার গ্রাহকদের। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান আবু জাফর শামসুদ্দিন বলেন, রমজান মাসে সমিতির বিদ্যুতের চাহিদা ২৮ মেগাওয়াট। অথচ জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র সাত মেগাওয়াট। কাজেই লোডশেডিং করা ছাড়া কোনো উপায় নেই।