উল্টো পকেটমার বনলেন তিনি খেলেন মার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় এক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে উল্টো তাঁকেই পকেটমার সাজানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শিকদারি হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে উপজেলার কামারবাড়ি গ্রামের দুবাইপ্রবাসী আশরাফুল ইসলাম শিকদারি হাটে যান। কেনা ধানের টাকা পরিশোধের জন্য তিনি হাটে অপেক্ষা করছিলেন। সন্ধ্যার আগে স্থানীয় কাঁঠালবাড়ি গ্রামের হাফিজুর রহমান, মাঝগ্রামের সাজেদুল ও শাহজাহান তাঁকে ডেকে বাজারের একপাশে নিয়ে যান। তাঁরা ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। এরপর ছিনতাইকারীরা ‘পকেটমার’ বলে চিৎকার করে আশরাফুলকে মারধর করতে থাকেন। এ সময় হাটের লোকজনও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে মাঝগ্রামের একটি বাড়িতে আটক রাখেন। পরে পুলিশ এসে রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আশরাফুলের বাবা নফেল আলী তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।