উল্টো পথে গাড়ি চলছেই
রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে গাড়ি চলা অব্যাহত রয়েছে। নেই পুলিশের কোনো তৎপরতা।
আজ সোমবার সরেজমিনে বিকেল ৪টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত ছয়টি গাড়িসহ বেশ কিছু মোটরসাইকেলকে উল্টো পথ দিয়ে যেতে দেখা গেছে। গাড়িগুলোর মধ্যে পাঁচটিই সরকারি। গাড়িগুলোর মধ্যে ছিল দুটি পাজেরো, একটি মাইক্রোবাস, একটি হাইএস মাইক্রোবাস এবং আরেকটি ছোট মাইক্রোবাস। সেখানে পুলিশের কোনো রেকার নেই।
এর আগে গতকাল রোববার সুগন্ধার সামনে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকায় পুলিশ। দুই ঘণ্টার কিছু বেশি সময়ের অভিযানে মোট ৫৭টি গাড়ির বিরুদ্ধে মামলা ও সাতটি গাড়ির কাছ থেকে রেকার বিল আদায় করা হয়। যার মধ্যে ৪০টির বেশি ছিল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। উল্টো পথে চলা শাস্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিল প্রতিমন্ত্রী, সাংসদ, সচিব, প্রকৌশলী, রাজনীতিবিদ, পুলিশ, সাংবাদিক, বিচারক ও ব্যবসায়ীদের গাড়ি।

গতকালের অভিযানের পর আজও উল্টো পথে গাড়ি চলাচল অব্যাহত থাকার বিষয়ে জানতে চাইলে ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ-রমনা) মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, ‘আজও আমরা অভিযান চালাব। তবে কোথায় অভিযান চালাব, সেটা এখনো নির্ধারণ করা হয়নি। এ ধরনের অভিযানসংখ্যা আমরা আরও বাড়াব এবং এসব অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।’
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, গতকালের অভিযানের পর আজও উল্টো পথে গাড়ি চলার বিষয়টি দুঃখজনক।
হোটেল রূপসী বাংলার সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট শামসুজ্জোহা বলেন, উল্টো পথে চলায় আজ তাঁরা চারটি গাড়িকে জরিমানা করেছেন।