উল্টো পথে গেলেই চাকা ফুটো হবে
উল্টো পথে যানবাহন চালাতে গেলে সড়কের ওপর বসানো যন্ত্রের সুচালো কাঁটা স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে চাকায় বিঁধবে। এতে চাকা ফুটো হয়ে অচল হয়ে যাবে। চলতি এপ্রিলের শেষ সপ্তাহে রাজধানীর হেয়ার রোডে এমন একটি যন্ত্রাংশ পরীক্ষামূলক চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ট্রাফিক আইন মানতে বাধ্য করা ও যান চলাচলে বিশৃঙ্খলা ঠেকাতে ডিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে। সফলতা পাওয়া গেলে পর্যায়ক্রমে রাজধানীর সব সড়কে এমন যন্ত্রাংশ (ডিভাইস) বসানো হবে।
ডিএমপি সূত্র জানায়, ট্রাফিক আইন অমান্য করে রাজধানীর উল্টো পথে যানবাহন চলায় দুর্ঘটনাসহ অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক যান চলাচলের অবস্থা ফিরিয়ে আনতে ডিএমপি কমিশনার একটি বৈঠকে সড়কে যন্ত্রটি বসানোর সিদ্ধান্ত নেয়। ঢাকার ধোলাইখালের সোহেল মেটাল ছয় লাখ টাকা মূল্যের এ ডিভাইসটি ডিএমপিকে সরবরাহ করেছে। ডিএমপি যানচালকদের উল্টো পথে যান না চালানোর আহ্বান করেছে।