বিনিয়োগ বেড়েেছ, ভাড়া বেড়েছে এবং পৃথক মন্ত্রণালয় হয়েছে। কিন্তু কম সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জনবান্ধন সেবা নিয়ে এগোতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের টিকিট পেতে ভোগান্তি, ছেঁড়া-নোংরা আসন, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারা, মাঝেমধ্যেই ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া—এই অবস্থা থেকে বের হতে পারছে না রেল। অনেকটা যেন উল্টো পথে চলছে রেলওয়ে।
রেলের প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন, মাসিক ট্রেন পরিচালনা-সংক্রান্ত নথি এবং ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে রেলের এই উল্টো যাত্রার চারটি কারণ চিহ্নিত করা গেছে। এগুলো হলো: অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহণ ও দুর্নীতি, অব্যবস্থাপনা, যেখানে প্রয়োজন সেখানে ইঞ্জিন-কোচ না থাকা এবং লোকবলের সংকট।
২০০৯ সালের পর রেলের উন্নয়নে প্রায় ২৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। এর বেশির ভাগই রেললাইন সংস্কার, নতুন রেলপথ নির্মাণ ও অবকাঠামো তৈরির প্রকল্প। কিন্তু এই সময়ের মধ্যে ৮৫ শতাংশ আন্তনগর ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সময় ১০ মিনিট থেকে এক ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যথাসময়ে ট্রেন পৌঁছাচ্ছে—এটা দেখাতে এই কাজ করা হয়েছে বলে রেলের অনেকে মনে করেন। পাশাপাশি আধা ঘণ্টা দেরিতে চলা ট্রেনকেও ‘সময় মেনে চলছে’ বলে নথিতে দেখানো হয়। এত কিছুর পরও রেলের হিসাবেই ২০ শতাংশ ট্রেন অস্বাভাবিক দেরি করে চলাচল করে।
২০১২ সালে রেলের ভিত্তি ভাড়া ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। আন্তনগর ট্রেনের ক্ষেত্রে কোনো কোনো গন্তব্যে ৭০ শতাংশও ভাড়া বেড়েছে। তবু গত বছর লোকসান হয়েছে ৬৩৩ কোটি টাকা। মাসে গড়ে পাঁচবার ট্রেন লাইনচ্যুত হয়।
হাজার হাজার কোটি টাকা খরচের পরও রেল তাহলে কোন পথে যাচ্ছে—জানতে চাইলে রেলমন্ত্রী মুজিবুল হক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা পিছনে নয় সামনের দিকে হাঁটছি। সীমিত সম্পদ নিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি। ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এখনো খরচ হয়নি। দুই বছর পর এর সুফল পাবে যাত্রীরা।’
ব্যয় অনেক, সেবা কম: তীব্র সংকট থাকলেও ২০০৬ সালের পর রেলে কোনো কোচ কেনা হয়নি। কিন্তু ৬০০ কোটি টাকা খরচ করে চীন থেকে ২০ সেট ডেমু (কমিউটার ট্রেন) আমদানি করে গত বছর নামানো হয়। কিন্তু মাটি থেকে পাদানি অনেক ওপরে, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাহীন বগিতে ছোট জানালার কারণে প্রচণ্ড গরম, ধারণক্ষমতা কম এবং রাজনৈতিক বিবেচনায় পথ ও স্টেশন নির্ধারণ করায় ডেমু ট্রেন কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না।
রেলের পূর্বাঞ্চলে ১৫ সেট ডেমু চলছে। গত বছর মে থেকে গত জুলাই পর্যন্ত এই ১৫ সেট ডেমু থেকে প্রায় চার কোটি টাকায় আয় হয়েছে। কিন্তু বছরে প্রতি সেট ডেমু থেকেই পাঁচ কোটি ৪০ লাখ টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করে প্রকল্পটি নেওয়া হয়েছিল।
রেলওয়ের যান্ত্রিক বিভাগের সূত্র জানায়, ডেমু কেনার জন্য রাজস্ব খাত থেকে ব্যয় করা এই অর্থ দিয়ে ১০টি আন্তনগর ট্রেন চালানোর মতো কোচ কেনা যেত। ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী তূর্ণা নিশিথা ট্রেনে ২৪ ঘণ্টায় দুই যাত্রায় (আসা-যাওয়া) বছরে ২৪ কোটি টাকা আয় হয়।
২১৬ কোটি টাকা ব্যয়ে জামালপুরের তারাকান্দি থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত ৩৭ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়। ২০১২ সালের নভেম্বর মাসে এটি চালুও হয়। প্রকল্প নেওয়ার সময় এ পথে যমুনা সার কারখানার সার উত্তরবঙ্গে পাঠানোর কথা বলা হয়েছিল। বার্ষিক আয়ের লক্ষ্যমাত্র ঠিক করা হয়েছিল ৩৯ কোটি টাকা। কিন্তু গত পৌনে দুই বছরে এই পথে কোনো সার পরিবহন হয়নি। একটি যাত্রীবাহী ট্রেন চললেও আয় নগণ্য।
ইঞ্জিনসংকট ও কমলাপুর অভ্যন্তরীণ ডিপোর সক্ষমতা না থাকায় রেলের বহরে থাকা বিদ্যমান ওয়াগনেরই শতভাগ ব্যবহার করা যাচ্ছে না। এর পরও ভারতীয় ঋণে গত বছর প্রায় ১২৭ কোটি টাকায় ১৭০টি নতুন ওয়াগন ও ১৬টি ব্রেকভ্যান কেনার চুক্তি করে রেল কর্তৃপক্ষ। কিছু ওয়াগন চলেও এসেছে।
ঢাকা ও সিলেট বিমানবন্দরে জ্বালানি সরবরাহ করার লক্ষ্যে গত জানুয়ারিতে ৮০ তেলবাহী ট্যাংক ওয়াগন কিনেছিল রেল। কিন্তু এখন পর্যন্ত অবকাঠামোই নির্মাণ করা হয়নি। ফলে এসব ওয়াগন আলস পড়ে আছে।
এ বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘আপনি নেগেটিভভাবে (নেতিবাচক) দেখলে হবে না। আমার কাছে যা প্রয়োজনীয় আপনার কাছে তা না-ও হতে পারে। আমরা যাত্রীদের প্রয়োজনেই সব করছি।’
গন্তব্যের সময় বাড়ছে: বর্তমানে সারা দেশে ৭৮টি আন্তনগর ট্রেন চলাচল করে। ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৬৬টি ট্রেনের চলাচলের সময়সীমা (শুরু এবং শেষের স্টেশনের মধ্যে চলাচলের নির্ধারিত সময়) বাড়ানো হয়েছে। নতুন চালু হওয়ায় কয়েকটি ট্রেনসহ মাত্র ১২টি ট্রেনের সময়সীমা অপরিবর্তিত আছে।
জনপ্রিয়, যাত্রী চাহিদা বেশি এবং লাভজনক ট্রেনগুলোর মধ্যে শীর্ষে থাকা ঢাকা-চট্টগ্রাম পথের সুবর্ণ এক্সপ্রেস ও তূর্ণা নিশিথা এবং ঢাকা-সিলেট পথের পারাবত এক্সপ্রেসেরও চলাচল সময় বাড়ানো হয়েছে। ২০০৯ সালে ঢাকা-চট্টগ্রাম পথে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময় নির্ধারিত ছিল পাঁচ ঘণ্টা ৫৫ মিনিট। তা এখন বেড়ে হয়েছে সাত ঘণ্টা পাঁচ মিনিট।
তূর্ণা নিশিথা ট্রেন ঢাকা ও চট্টগ্রাম থেকে রাতে একযোগে ছাড়া হয়। দুটি ট্রেনই ঢাকা ও চট্টগ্রামে গিয়ে সকালে পৌঁছায়। এর টিকিটেরও চাহিদা ব্যাপক। এই ট্রেনেরও সময় ঢাকা থেকে চট্টগ্রামের পথে ৪৫ মিনিট এবং চট্টগ্রাম থেকে ঢাকার পথে ৫৫ মিনিট বাড়ানো হয়েছে।
দৈনন্দিন ট্রেন পরিচালনার তথ্য নিয়ে প্রতিবছরই পুস্তিকা প্রকাশ করে। ২০০৯ থেকে চলতি বছর পর্যন্ত করা এমন পাঁচটি পুস্তিকা থেকে এই সময় বৃদ্ধির তথ্য জানা গেছে।
জানতে চাইলে রেলের মহাপরিচালক তাফাজ্জল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, সারা দেশে রেলে উন্নয়নমূলক কাজ চলায় ট্রেনের গতি কমাতে হয়েছে। তাই গন্তব্যের সময়সীমা বেড়ে যাচ্ছে। ২০১৬ সালের জানুয়ারি থেকে আর এই সমস্যা থাকবে না।
লোকবল আর ইঞ্জিন-কোচের সংকট: রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন চলাচলের সঙ্গে সরাসরি জড়িত স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, সান্টিং কর্মচারী, পরিচালক, চালক-সহকারী চালক ও সংকেতকর্মী । কিন্তু এই পদগুলোতে তীব্র লোকবলের সংকট রয়েছে।
গত মার্চে রেলের চারটি বিভাগীয় কার্যালয় থেকে ট্রেন চলাচলে নানা সমস্যাসংবলিত প্রতিবেদন পাঠানো হয় রেলভবনে। এসব প্রতিবেদন মতে, লোকবলের অভাবে সারা দেশে প্রায় ২৭ শতাংশ স্টেশন বন্ধ হয়ে গেছে। স্টেশন আছে মোট ৪৫৩টি। এর মধ্যে ১২০টির কার্যক্রম বন্ধ রয়েছে। এসব স্টেশন দিয়ে ট্রেন চলে কিন্তু থামে না। ফলে অন্য ট্রেনকে চলতে (ক্রসিং) দিতে গেলে আগে পরের স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন আটকে রাখতে হয়।
প্রতিবেদন অনুসারে, রেলে চালক ও সহকারী চালকের পদ রয়েছে এক হাজার ৭৪২টি। এর মধ্যে ৭১১টি পদই শূন্য। লোকবলের সংকটের কারণে অবসরে চলে যাওয়া ৬০ জন চালককে চুক্তিভিত্তিক রেখে ট্রেন চালানো হচ্ছে।
সূত্র জানায়, দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতির কারণে রেল কর্তৃপক্ষ কখনই বিজ্ঞপ্তি দিয়ে যথাসময়ে লোক নিয়োগ দিতে পারে না। প্রতিবারই সংক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করে নিয়োগ আটকে দেন। রেলের পূর্বাঞ্চলে এ ধরনের ২০টি মামলা চলছে। সর্বশেষ নিয়োগ নিয়ে দুর্নীতির কারণে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
লোকের অভাবে স্টেশন বন্ধ হওয়ার বিষয়ে রেলের মহাপরিচালক বলেন, লোক নিয়োগে নিষেধাজ্ঞা-সংক্রান্ত মামলা কমে গেছে। পুরোদমে নিয়োগ চলছে। সবকিছু ঠিক হতে এক বছর সময় দিতে হবে।
বর্তমানে রেলের বহরে থাকা এক হাজার ৪৮৯টি বগির ৪৫ শতাংশের বয়স ৩৫ বছরের ওপরে। ৩৯ শতাংশের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। রেলের বগিগুলোর অর্থনৈতিক বয়সসীমা ৩৫ বছর। অধিকাংশ আন্তনগর ট্রেনেরই আসন ও হাতল ছেঁড়া। বাসা বেঁধেছে ছারপোকা। শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থাও ঠিকভাবে কাজ করে না। একই অবস্থা ইঞ্জিনেরও। ৬৫ শতাংশ ইঞ্জিনের অর্থনৈতিক বয়সসীমা (২০ বছর) পেরিয়ে গেছে। ৪১ কিংবা তারও বেশি বয়সী ইঞ্জিন রয়েছে ৩৫ শতাংশ। রেলে এখন মোট ইঞ্জিনের সংখ্যা ২৮৫টি।
এ বিষয়ে মহাপরিচালক তাফাজ্জল হোসেন বলেন, ভারতীয় ঋণে ১২০টি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে ১৫০টি কোচ আনার প্রক্রিয়া চলছে। ৭০টি ইঞ্জিনও দ্রুত কেনা হবে। তখন আর সমস্যা থাকবে না।