২০১৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে ‘এক করুণ পশ্চাদমুখিতা’ বলে অভিহিত করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এই সময়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি হোঁচট খেয়ে ধাবিত হয়েছে উল্টো পথে। পাড়ি দিয়েছে করুণ ও হতাশাজনক অধ্যায়। উদার ও গণতন্ত্রপন্থী বলে দীর্ঘকালের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমের ওপর চালিয়েছে নিষ্ঠুর দমনাভিযান।
এইচআরডব্লিউ বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এসব মন্তব্য করেছে। ‘এ ট্র্যাজিক ব্যাকওয়ার্ড স্লাইড’ শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। দীর্ঘ ৬৬৭ পৃষ্ঠার প্রতিবেদনে ৯০টির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা-মূলক চিত্র তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ প্রসঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলায় চলা বিচারকাজ নিয়ে বিতর্ক, সরকারবিরোধীদের ওপর দমন-পীড়ন, শ্রম আইন ও শ্রমিকদের অধিকার, নারী অধিকার, ‘প্রহসনের’ নির্বাচন, বর্তমান সংকট নিয়ে আন্তর্জাতিক দাতা সংস্থা ও দেশের ভূমিকা ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, হেফাজতে ইসলামের সমর্থক ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলা ‘ভ্রান্ত’ বিচারের বিরোধিতাকারীসহ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনেক সময়ই সরকার ‘সহিংস ও অবৈধ’ পন্থা গ্রহণ করেছে। আইনবহির্ভূতভাবে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন এমন ব্যক্তিদের বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগগুলো নিয়ে তদন্ত করতে ব্যর্থ হয়েছে সরকার।
পোশাক কারখানায় কয়েক দফা দুর্ঘটনায় প্রাণহানির পর শ্রমিকদের অধিকার রক্ষায় যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও আন্তর্জাতিক মানের চেয়ে বহু নিচে।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে সংগঠনের এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বাংলাদেশের জন্য বছরটি ছিল বিয়োগান্তক। রাজনৈতিক অস্থিরতায় অনাবশ্যকভাবে বিক্ষোভকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাধারণ পথচারী প্রাণ দিয়েছেন।’
অ্যাডামস বলেন, নিরাপত্তা বাহিনীর ‘আইন লঙ্ঘন’ ঘটনার তদন্তের নির্দেশদানের মাধ্যমে সহিংসতার লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে সরকার। উপরন্তু, যা দেখানো হয়েছে তা হলো, ভিন্নমতাবলম্বীদের ওপর ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, বিরোধী ও সমালোচকদের দমনে চূড়ান্ত কঠোরতা।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে গত বছরের ফেব্রুয়ারি মাসে। আর সেটি চলে বছরজুড়ে। এ সময় নিহত হন অন্তত ২০০ জন। আহত হন হাজারো ব্যক্তি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় ঘোষণাকে ঘিরে প্রাথমিক বিক্ষোভের শুরু। তবে ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন বর্জনে প্রধান বিরোধীদলীয় জোটের সিদ্ধান্তে সহিংসতা চলতেই থাকে।
এ পরিস্থিতিতে যেখানে রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়, সেখানে রাষ্ট্রীয় শক্তি আইনশৃঙ্খলা রক্ষায় মাঝেমধ্যেই অতিরিক্ত বল প্রয়োগ করেছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাকে গত ডিসেম্বরে ফাঁসিতে ঝোলানোর ঘটনা বছরের শেষ ভাগে আরও বিক্ষোভ ও সহিংসতার জন্ম দেয়। আন্তর্জাতিক আইনের বিপরীতে আইসিটি আইনের ভূতাপূর্ব সংশোধনীর মাধ্যমে কাদের মোল্লাকে অভিযুক্ত করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার নিয়ে প্রতিবেদনে অভিযোগ করা হয়, আদালত প্রাঙ্গণ থেকে তাঁর পক্ষের একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে অপহরণ করার অভিযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়ে কোনো নিরপেক্ষ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়নি। আসামিপক্ষের সাক্ষীদের সংখ্যাও করা হয় সীমিত।
গত আগস্টে মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান ও নাসিরুদ্দিন এলেনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ প্রধান বিরোধী দল বিএনপির নেতা-কর্মীদের বাছবিচার ছাড়া গ্রেপ্তার করেছে। সরকারের সমালোচনা করায় গ্রেপ্তার করা হয় একটি পত্রিকার সম্পাদক ও ‘নাস্তিক’ ব্লগারদের।
এপ্রিলে রানা প্লাজা ধসে এগারো শতাধিক পোশাককর্মীর মৃত্যুর পর প্রতিশ্রুতি সত্ত্বেও সরকার তৈরি পোশাক ও অন্যান্য কারখানার কর্মীদের জীবনমানের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে জুলাইয়ে শ্রম আইনে আনা সংশোধনীতে শ্রমিক সংগঠনের নিবন্ধনের ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা তুলে নেওয়া হলেও সংগঠন করার স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে তা ব্যর্থ হয়। কারখানাগুলোতে গত সেপ্টেম্বর থেকে নিয়মিত পর্যবেক্ষণ শুরুর কথা থাকলেও প্রশাসনিক বাধায় সেটিও থেমে আছে।
সরকার হাজারীবাগের চামড়াশিল্পকে এ এলাকার বাইরে সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছিল। তবে সেটি এখনো রক্ষা করা হয়নি। সরকার ইতিবাচক পদক্ষেপ হিসেবে শ্রমিক অধিকার রক্ষায় সক্রিয় কতিপয় নেতার ওপর থেকে ফৌজদারি অভিযোগ তুলে নিয়েছে; যদিও এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। এ ছাড়া, আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত শিক্ষার্থী লিমনের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলা ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সমস্যা এখনো অসমাপ্তই রয়ে গেছে। এই বিচারের সুষ্ঠু প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ থাকার মধ্যেও অনেক অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। স্পর্শকাতর মন্তব্য ও ট্রাইব্যুনাল নিয়ে প্রতিবেদন করায় এইচআরডব্লিউ ও দ্য ইকোনমিস্ট, কয়েকজন সাংবাদিক এবং টেলিভিশনের টক শোর কয়েকজন অংশগ্রহণকারী অতিথির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে ব্র্যাড অ্যাডামস মন্তব্য করেন, ‘এ সরকার গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে। কিন্তু তারা ক্রমান্বয়ে আরও বেশি স্বৈরাচারী ও অসহিষ্ণু হয়ে উঠেছে।’
এদিকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরডব্লিউর প্রতিবেদনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পড়ে দেখিনি। ওই প্রতিবেদন দেখে এ বিষয়ে মন্তব্য করা হবে।’
অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ প্রসঙ্গে গতকাল তাঁর প্রতিক্রিয়ায় প্রতিবেদনটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি গঠনমূলক নয়, এতে প্রকৃত সত্য প্রকাশিত হয়নি। তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে বিকৃতভাবে উপস্থাপন করেছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা লক্ষ করছি, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরুর পর থেকে তাদের (এইচআরডব্লিও) সুর পাল্টে গেছে। আর এর প্রভাব পড়েছে তাদের প্রতিবেদনে। এতে করে তাদের অর্থের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। এ ছাড়া, বাংলাদেশকে বারবার তারা কেন নেতিবাচকভাবে সারা বিশ্বে সমালোচনা করছে, তা নিয়ে প্রশ্ন তুলতে পারি।’