উল্টো পথে হাঁটছে গমের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আটার বাজার উল্টো পথে হাঁটছে। আমদানিনির্ভর এই পণ্যের আন্তর্জাতিক দর কমলেও দেশে তা বাড়ছে। দেশের মোট চাহিদার ৬০ শতাংশ গম আমদানি করা হয়। ফলে বিশ্ববাজারে গমের দর বাড়লে দেশেও তা বেড়ে যায়। এক মাস হতে চলল বিশ্ববাজারে গমের দাম প্রতি টনে কমপক্ষে ১০০ মার্কিন ডলার কমেছে। সেই হিসাবে আটার দাম প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা কমার কথা। কিন্তু গত এক সপ্তাহে আটার দাম প্রতি কেজিতে দুই টাকা বেড়েছে।বর্তমান আন্তর্জাতিক দর অনুযায়ী গম কিনে আটায় পরিণত করে বিক্রি করলে প্রতি কেজি আটার দাম মানভেদে ২৪ থেকে ২৬ টাকার মধ্যে হওয়ার কথা। খাদ্য বিভাগ প্রতি কেজি গমের ক্রয়মূল্য ২১ টাকা নির্ধারণ করে তা বেসরকারি কারখানায় ভাঙিয়ে বিক্রি করছে। ভাঙানোসহ প্রতি কেজি আটায় খরচ পড়ছে ২৪ টাকা। খাদ্য বিভাগ কেজিতে তিন টাকা ভর্তুকি দিয়ে তা ২০ টাকায় বিক্রি করছে। বেসরকারি কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে প্রতি কেজি গম ২৮ টাকা ও খুচরা ৩১ টাকায় বিক্রি করছে। সম্প্রতি গমের দাম কমায় কোম্পানিগুলোর প্রতি কেজি আটা তৈরির খরচ আরও কমবে। নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি এস কে ওয়াজেদ আলী বাবুল আটার দাম বাড়ার কারণ সম্পর্কে বলেন, চট্টগ্রামকেন্দ্রিক পাইকারি বিক্রেতারা এক সপ্তাহ আগে প্রতি মণ গমের দাম ২০০ থেকে ৩০০ টাকা বাড়িয়েছে। ফলে আটার দাম বাড়াতে হয়েছে। দেশের শীর্ষ গম আমদানিকারক বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বর্তমানে বাজারে যে গম বিক্রি হচ্ছে তা আগের কেনা। এত দিন প্রতি কেজি গমে আট টাকা লোকসান গুনতে হয়েছিল। এখন দাম কিছুটা বাড়ানো হয়েছে লোকসান কমানোর জন্য। বিশ্ববাজারে গম বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশন ও ক্যানসাস সিটি বোর্ড অব ট্রেডের পর্যবেক্ষণ বলছে, গত জুন ও জুলাই মাসের মধ্যে গমের দাম প্রায় ১৫ শতাংশ কমেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাবে, গত মাসে প্রতি কেজি আটার দাম প্রায় ২ শতাংশ এবং ময়দার দাম ৩ শতাংশ বেড়েছে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, এ বছর বিশ্বজুড়ে গমের বাম্পার ফলন হয়েছে। ফলে দাম সামনের দিনে আরও কমবে। দাবদাহের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার এক বছরের বেশি সময় পর রাশিয়া ও ইউক্রেন বিশ্ববাজারে গম বিক্রি শুরু করেছে। ইউএসএ হুইট অ্যাসোসিয়েশনের হিসাবে চলতি বছর গমের উৎপাদন গত বছরের তুলনায় দুই কোটি ৩০ লাখ ৯০ হাজার টন বেড়ে রেকর্ড পরিমাণ ৬৭ কোটি ২০ লাখ মেট্রিক টন হয়েছে। ফলে গমের দাম চলতি বছর আরও কমবে। সরকারিভাবে গত দুই মাস আগে প্রতি টন গম ৩৫০ থেকে ৪০০ ডলার দরে কেনা হয়েছে। গত সপ্তাহে সর্বশেষ দরপত্রে প্রতি টন ৩০৬ ডলার দরে গম কিনছে খাদ্য বিভাগ। একটি বেসরকারি শিল্পকারখানার মাধ্যমে গম আটায় পরিণত করে বিক্রি করা হচ্ছে। সরকারি হিসাবে প্রতি কেজি গমের গড় ক্রয়মূল্য ২১ টাকা। খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন বলেন, দরিদ্র মানুষের আটার চাহিদা পূরণ করতে সরকার গম আমদানির পর তা আটা করে বিক্রি করছে। বর্তমানে বেসরকারি মালিকেরা বেশি মুনাফা করছেন উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দামে আটা বিক্রি করা উচিত।